সাংসদের মেয়েদের বয়স কত?
ময়মনসিংহের মুক্তাগাছার জাতীয় পার্টির সাংসদ সালাহউদ্দিন আহমেদ দুই মেয়ের একসঙ্গে বিয়ে দেন। কিন্তু মেয়েদের বয়স নিয়ে জটিলতা দেখা দেয়। অভিযোগ উঠেছে, সাংসদ নিজেই মেয়ের বাল্যবিবাহ দিয়েছেন। তবে সাংসদ বলছেন, তাঁর মেয়েরা প্রাপ্তবয়স্ক।
গতকাল রোববার ময়মনসিংহের ধানসিঁড়ি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে সাংসদ সালাহউদ্দিন বলেছেন, তাঁর মেয়েদের বয়স নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। তিনি বিষয়টি নিয়ে চ্যালেঞ্জও দিয়েছেন। তাঁর সন্তানদের নিয়ে নোংরা রাজনীতি না করারও আহ্বান জানান তিনি। সাংসদ নিজেই সম্প্রতি ঘটা করে মুক্তগাছাকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেছেন, গত শুক্রবার ১৭ ফেব্রুয়ারি তাঁর দুই মেয়ের বিয়ে একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। তবে কিছু সংবাদমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ ছাপা হয়েছে।
সাংসদ বলেন, তাঁর বড় মেয়ে মাসকুরা মীম পায়েলের বয়স ২০ বছর ৬ মাস। আর ছোট মেয়ে আফসানা মীম প্রিয়ন্তীর বয়স ১৯ বছর ১ মাস ১৮ দিন। ছোট মেয়ে বর্তমানে মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ছে। তাই বয়স নিয়ে বিভ্রান্তির েকানো অবকাশ নেই।
তবে সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমেদ ২০১৪ সালে করা ছোট মেয়ের যে জন্মসনদ দিয়েছেন, তাতে জন্মতারিখ উল্লেখ করা আছে ১/১/১৯৯৮। বড় মেয়ের জন্মসনদের কোনো কপি দেননি। তবে ২০১৪ সালে বড় মেয়ের এসএসসি পাসের যে সনদ দিয়েছেন, তাতে জন্মতারিখ উল্লেখ করা হয়েছে ২৫/৮/১৯৯৮। অর্থাৎ সাত মাসের ব্যবধানে তাঁর দুই মেয়ের জন্ম হয়েছে। কিন্তু সাংসদের দেওয়া হিসাব অনুযায়ী, দুই বোনের বয়সের পার্থক্য ১ বছর ৫ মাস।
বয়সের তথ্যে তারতম্য সম্পর্কে জানতে চাইলে টেলিফোনে সালাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বড় মেয়ের জন্ম হয়েছে ১৯৯৬ সালের আগস্ট মাসে। স্কুলে ভর্তির সময় বয়স কমিয়ে দিয়েছিলাম, এটা তো সব মা-বাবাই করেন।’
গতকালের সংবাদ সম্মেলনে বয়স কমিয়ে দেওয়ার বিষয়টি উল্লেখ করতে মনে ছিল না বলেও বললেন সালাহউদ্দিন। আর ছোট মেয়েকে স্কুল ও পরে মাদ্রাসায় পড়ানোর কারণে বয়সের হিসাবে গরমিল দেখা দিয়েছে।