সাংসদের শ্যালকের গুদামে কাবিখার ৪ হাজার বস্তা চাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীনের শ্যালক ইসলাম আলীর গুদামে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) চার হাজার বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) চাল পাওয়া গেছে। কিন্তু এই চাল জব্দ করা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছে প্রশাসন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম ও গোয়েন্দা পুলিশের ওসি মাসুদুর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশে পুলিশের একটি দল গত শনিবার সন্ধ্যায় যাদবপুর ঘাট এলাকায় সাংসদের স্থানীয় কার্যালয়ের পেছনে তাঁর শ্যালকের গুদামে তল্লাশি চালিয়ে চালগুলো পায়; যার দাম প্রায় ৩৫ লাখ টাকা। কিন্তু তল্লাশিকালে ম্যাজিস্ট্রেট চেয়ে না পাওয়ায় পুলিশ চাল জব্দ করতে পারেনি। ইসলাম আলীর ভাষ্যমতে, পুলিশ ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গুদামে তল্লাশি চালানোর সময় তিনি কাবিখার চাল কেনার বৈধ কাগজপত্র দেখিয়েছেন। কাগজপত্র দেখে পিআইও ঘটনাস্থলে ঘোষণা দেন, কাবিখার মজুত করা চাল তাঁর (ইসলাম আলী) বৈধভাবে কেনা। তাই মালামাল জব্দ বা গুদাম সিলগালা করা হয়নি। তিনি এই তল্লাশির জন্য দলীয় অন্তর্দ্বন্দ্বকে দায়ী করেন। তবে চালগুলো কাবিখার যেসব প্রকল্প সভাপতিদের কাছ থেকে কেনা হয়েছে, তাঁদের মধ্যে একজনের নামও ইসলাম আলী প্রথম আলোকে বলতে পারেননি। আর সদর উপজেলা পিআইও নাহিদা ইসলাম জানান, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির চাল যে কেউ কিনে তা মজুত করতে পারেন। যা অপরাধযোগ্য নয়। তাই ওই চাল জব্দ করা হয়নি।
পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন বলেন, তিনি অভিযানকালে ম্যাজিস্ট্রেট চেয়ে পাননি। তাই পুলিশ আইনগত ব্যবস্থা না নিয়ে ফিরে আসতে বাধ্য হয়েছে। চালগুলো অবৈধভাবে মজুত করা হয়েছে। জেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আবদুল মান্নান বলেন, কাবিখার চাল কেনা ও মজুত সম্পূর্ণ বেআইনি। সাংসদ ও তাঁর শ্যালক ভুয়া প্রকল্প গ্রহণ করে লাখ লাখ টাকার এই চাল মজুত করছিলেন। অবৈধ মালামাল জব্দ ও মজুতদারকে গ্রেপ্তারের দাবিতে গতকাল ছাত্রলীগ ও যুবলীগের একাংশ শহরে মিছিল বের করে।
জেলা প্রশাসক মাহমুদ হোসেন জানান, কাবিখার প্রকল্প বাস্তবায়নে নিয়োগ করা শ্রমিকদের মধ্যে টাকার সমপরিমাণ খাদ্যশস্য বিতরণের জন্য দেওয়া হয়। যা কেনা ও মজুত করা অবৈধ। এই মালামাল জব্দ করার জন্য পুলিশ সুপার ম্যাজিস্ট্রেট চাইলে তা তাৎক্ষণিকভাবে দেওয়া যায়নি। পরে ইউএনওকে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ ওই মালামাল জব্দ করা ও মজুতদারের বিরুদ্ধে মামলা করা হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনিন সুলতানা অবশ্য জানান, জেলা প্রশাসক মালামালের বৈধ কাগজপত্র খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। কিন্তু মালামাল জব্দ ও মজুতদারের বিরুদ্ধে মামলার কোনো নির্দেশ তিনি পাননি। মালামাল প্রশাসনের নজরদারিতে আছে। তাই গুদাম সিল করা হয়নি। এ ব্যাপারে জানতে সাংসদের মুঠোফোনে কয়েক দফা ফোন করলেও তিনি ধরেননি। খুদে বার্তা (এসএমএস) পাঠালেও তিনি জবাব দেননি।