সাংসদের সংবর্ধনায় মহাসড়ক বন্ধ
মহাসড়কের পাশে মঞ্চ করে সাভারের সাংসদ এনামুর রহমানের সংবর্ধনা আয়োজন করায় গতকাল শনিবার রাতে নবীনগর-চন্দ্রা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কটিতে যানজটের সৃষ্টি হয়ে মানুষ ভোগান্তিতে পড়েন।
স্থানীয় আওয়ামী লীগ আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় এ সংবর্ধনার আয়োজন করে। আশুলিয়া থানার পুলিশ ও স্থানীয়রা জানান, আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় গতকাল বিকেলে সাংসদ এনামুর রহমানের সংবর্ধনা উপলক্ষে মহাসড়কের পশ্চিম পাশে বিশাল মঞ্চ তৈরি করা হয়। ওই মঞ্চে সাংসদকে সংবর্ধনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনাস্থলে গতকাল বিকেল থেকেই জড়ো হতে থাকেন লোকজন। সন্ধ্যার পরে চার লেনের সড়কের সংবর্ধনাস্থলের পশ্চিম পাশে যান চলাচল বাধাগ্রস্ত হয়। রাত আটটার দিকে সড়কের ওই পাশে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। রাত নয়টায় সাংসদ এনামুর রহমান সংবর্ধনাস্থলে উপস্থিত হলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের দুই পাশেই যানজটের সৃষ্টি হয়। রাত সাড়ে নয়টার দিকে পুলিশ পশ্চিম পাশে যান চলাচল বন্ধ করে সড়কের পূর্ব পাশ দিয়ে উভয় দিকের যানবাহন চলাচলের সুযোগ করে দেয়। এর পরও আগে থেকে সৃষ্টি হওয়া যানজটের কারণে ধীরগতিতে যানবাহন চলতে থকে।
সাংসদের বক্তব্য শেষ হওয়ার পরপরই রাত সোয়া ১০টার দিকে সংবর্ধনাস্থলে উপস্থিত হন সংগীতশিল্পী ও সাংসদ মমতাজ বেগম। এর পরই শুরু হয় সংগীতানুষ্ঠান। মমতাজের গানে লোকজনের চাপ বাড়তে থাকে। লোকের ভিড়ে সড়কের পূর্ব পাশেও যান চলাচল বাধাগ্রস্ত হয়।
সরেজমিনে গিয়ে রাত সোয়া ১০টার দিকে নবীনগর থেকে আশুলিয়ার শ্রীপুর পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় যানজট দেখা যায়। এক পাশ দিয়ে যানবাহন চললেও গতি ছিল খুবই কম।
সাভারের ট্রাফিক পুলিশের পরিদর্শক মুরাদ মাহমুদুর রহমান সাংসদের সংবর্ধনা উপলক্ষে মহাসড়কে যান চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমানকে বিষয়টি জানানো হয়েছে।
রাত ১০টার দিকে পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, সড়কের এক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।