সাংসদের সই জাল করে নৈশপ্রহরী নিয়োগ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কেশালিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্থানীয় সাংসদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কমিটির অন্য সদস্যদের স্বাক্ষর জাল করে নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোটা অঙ্কের টাকা নিয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগসাজশে এ নিয়োগ দিয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটি ১১ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লিখিত অভিযোগ দিয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বিদ্যালয় পরিচালনা কমিটি থেকে নৈশপ্রহরী নিয়োগে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা খায়রুল আলমের সঙ্গে যোগসাজশ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ধনঞ্জয় কুমার বর্মণ চাকরিপ্রত্যাশী শফিকুল ইসলামের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন৷ পরে ধনঞ্জয় কুমার গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সাংসদ ইউনুস আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আফসার আলী ও কমিটির অভিভাবক সদস্যদের স্বাক্ষর জাল করে শফিকুলকে ওই পদে নিয়োগ দেন৷ গত ১০ এপ্রিল ইউএনও প্রার্থী বাছাই তালিকার অনুমোদন দেন। একই তারিখে সাংসদের অনুমোদনও দেখানো হয়।
নিয়োগ-প্রক্রিয়া প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, বিদ্যালয় পরিচালনা কমিটি নৈশপ্রহরী নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করবে। পরে কমিটি তিনজনের তালিকা তৈরি করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠাবে। এ তালিকা ইউএনওর মাধ্যমে স্থানীয় সাংসদের কাছে পাঠাতে হবে। সাংসদ সেই তালিকা অনুমোদনের পর উপজেলা শিক্ষা কর্মকর্তা তালিকার প্রথম স্থান অধিকারীকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করবেন।
তবে যোগসাজশের অভিযোগ অস্বীকার করে খায়রুল আলম বলেন, ‘বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির উপস্থিতিতে নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর পরও কেন অভিভাবক সদস্যরা অভিযোগ দিলেন, সেটা আমার জানা নেই।’
ধনঞ্জয় কুমার টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগ দেওয়া হয়। নিয়োগসংক্রান্ত সভায় সভাপতি ও অন্য অভিভাবক সদস্যদের স্বাক্ষর রয়েছে৷’
এ প্রসঙ্গে আফসার আলী বলেন, ‘অন্য একটি সভার কথা বলে কার্যবিবরণীতে আমাদের স্বাক্ষর নেওয়া হয়। পরে ধনঞ্জয় কুমার সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে মোটা অঙ্কের টাকা নিয়ে অযোগ্য ব্যক্তিকে গোপনে নৈশপ্রহরী পদে নিয়োগ দেন। ঘটনাটি ফাঁস হওয়ার পর আমরা ইউএনওকে অভিযোগ দিই।’
ইউএনও আহসান হাবীব বলেন, ‘অভিযোগ পেয়েছি৷ তবে সাংসদের স্বাক্ষর জালের বিষয়টি আমার জানা নেই৷ বাছাই তালিকায় সাংসদের সুপারিশ দেখে নিয়োগের অনুমোদন িদই৷’
জানতে চাইলে সাংসদ ইউনুস আলী বলেন, ‘নৈশপ্রহরী নিয়োগসংক্রান্ত কোনো কাগজপত্রে আমি স্বাক্ষর করিনি৷ এ জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷’