সাংসদের সঙ্গে দ্বন্দ্ব বদলি হলেন ডিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের জেলা প্রশাসককে অবশেষে বদলি করা হয়েছে। নিয়োগ নিয়ে জেলা প্রশাসক ও স্থানীয় সাংসদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের কারণে জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে কর্মকর্তা-কর্মচারীর ৩১টি পদে নিয়োগ ঝুলে আছে।

জেলা প্রশাসনের সূত্রগুলো বলছে, এই দ্বন্দ্বের জের ধরেই জেলা প্রশাসক দেলওয়ার হোসেনকে বদলি করা হয়েছে। গত শুক্রবার নতুন জেলা প্রশাসক হিসেবে মাহমুদুল হাসান যোগদান করেছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, গত বছরের নভেম্বরে জেলা প্রশাসক কার্যালয় ১৭ জন এমএলএসএস, সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, নাজির কাম-ক্যাশিয়ার, সার্টিফিকেট পেশকার, মিউটেশন সহকারী, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাসহ ৩১টি পদে নিয়োগ-প্রক্রিয়া শুরু করে। প্রায় দেড় হাজার প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশ নেন।

মেহেরপুর-১ (সদর) আসনের সাংসদ জয়নাল আবেদীন তাঁর পছন্দের প্রার্থীদের নিয়োগের দাবি করলে জেলা প্রশাসকের সঙ্গে তাঁর দ্বন্দ্ব শুরু হয়।

সূত্র আরও জানায়, একপর্যায়ে জেলা প্রশাসক ও সাংসদ একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি চালাচালি শুরু করেন।

এই পরিপ্রেক্ষিতে জানুয়ারিতে মন্ত্রণালয়ের আদেশে নিয়োগ-প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। পরে বিষয়টি নিয়ে জেলা প্রশাসক ও সাংসদের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু উভয়েই অনড় অবস্থান নেওয়ার তা ব্যর্থ হয়। গত ৫ মে জেলা প্রশাসক দেলওয়ার হোসেনকে বদলি করা হয়েছে।

দেলওয়ার হোসেন বলেন, ‘সাংসদ আমার ঘাড়ে বন্দুক রেখে দুর্নীতির মাধ্যমে সব পদে নিজের প্রার্থী নিয়োগ দিতে চেয়েছিলেন। আমি এতে রাজি না হওয়ায় সাংসদ আমার বিরুদ্ধে মন্ত্রণালয়ে একাধিক চিঠি পাঠান। আমিও বিষয়টি জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি দেই।’ তিনি অভিযোগ করেন, এর জের ধরে তাঁকে বদলি করা হয়েছে।

তবে সাংসদ দাবি করেন, তিনি পছন্দের কোনো প্রার্থীকে চাকরি দিতে চাননি। তবে সাংসদ হিসেবে সবাই তাঁর কাছে চাকরি প্রত্যাশা করেন। অথচ জেলা প্রশাসক তাঁর পরামর্শ ও সম্মতি ছাড়াই ঘুষ গ্রহণের মাধ্যমে নিয়োগ শুরু করলে বিষয়টি তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়কে লিখিতভাবে জানান। এ পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় নিয়োগ স্থগিতসহ জেলা প্রশাসককে বদলি করেছে।