সাংসদের সঙ্গে নিয়ন্ত্রণও বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে সাংসদ বদলের সঙ্গে সঙ্গে সাভারে পোশাক কারখানার কাটা পরিত্যক্ত কাপড়ের (ঝুট) ব্যবসার নিয়ন্ত্রণও বদলে গেছে। এতেদিন ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের ছোট ভাই ও তাঁর ঘনিষ্ঠ লোকজন ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। মুরাদ গত সংসদ নির্বাচনে মনোনয়ন পাননি। ফলে তাঁর লোকজনও এখন ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছেন না।
এবার এই ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েছেন মুরাদের বিরোধী হিসেবে পরিচিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী, স্থানীয় আওয়ামী লীগের সাংসদ মো. এনামুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সুপারিশ করা লোকজন। ইতিমধ্যে তাঁরা সাভার-আশুলিয়ার অর্ধেকের বেশি কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েছেন বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে।
গত ৯ মার্চ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক রিয়াজ মিনা ও সোহেল পারভেজ আগ্নেয়াস্ত্র ও লোকজন নিয়ে আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) শান্তা ডেনিমস্ নামের একটি কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে যান। তাঁরা সাংসদ এনামুর রহমানের নির্দেশ অনুযায়ী ঝুট ব্যবসা দিতে বলেন। পরে ডিইপিজেডের নিরাপত্তা কর্মীরা তাঁদের একটি শর্টগানসহ আটক করে পুলিশে দেন। পরে তাঁদের যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।
ঝুট কী: তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, সাভার-আশুলিয়া এলাকায় বিভিন্ন ধরনের ছয় শতাধিক গার্মেন্টস কারখানা রয়েছে। এসব কারখানা থেকে বের হওয়া টুকরো থান কাপড়, গেঞ্জির কাপড়, কার্টন, লোহার রড, পলিথিন, প্লাস্টিক জাতীয় দ্রব্যসহ বিভিন্ন ধরনের পরিত্যক্ত মালামালই ঝুট হিসেবে পরিচিত। প্রতি মাসে প্রতিটি কারখানা থেকে গড়ে ১০ থেকে ৪০ টন পর্যন্ত ঝুট বের হয়। এসব ঝুট দিয়ে তুলা, পোশাকসহ বিভিন্ন পণ্য তৈরি হয়।
চলছে দখলের প্রতিযোগিতা: অনুসন্ধানে জানা গেছে, চারদলীয় জোট সরকারের আমলে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ করতেন। ২০০৮ সালের পর নিয়ন্ত্রণ নেন সাংসদ তৌহিদ জং মুরাদের ছোট দুই ভাই লগন ও ফুয়াদ, ঘনিষ্ঠ নেতা-কর্মী ও তাঁর সুপারিশ করা লোকজন। এঁদের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান ছিলেন আওয়ামী লীগের কর্মী আবদুল কাদের দেওয়ান।
এমনই একটি কারখানা ঢাকার ডিইপিজেড এর ইউএস টেক্সটাইল। চারদলীয় জোট সরকারের আমলে ওই কারখানার ঝুট নিতেন স্থানীয় ধামসোনা ইউনিয়ন যুবদল নেতা মাহফুজুর রহমান। ২০০৯ সালে আবদুল কাদের দেওয়ান তাঁকে তাড়িয়ে ঝুট নেওয়া শুরু করেন। কাদেরকে তাড়িয়ে বর্তমানে ওই কারখানার ঝুট নিচ্ছেন আশুলিয়া থানা যুবলীগের সভাপতি তালুকদার মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক শাহাদত হোসেন। একইভাবে তাঁরা কাদেরকে সরিয়ে ডিইপিজেড এলাকার কুই সাউথ পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েছেন।
যুবলীগ নেতা মোয়াজ্জেম তৌহিদ জং মুরাদের আপন চাচাত ভাই হলেও তাঁর সঙ্গে বিরোধ থাকায় তিনি ২০০৯-২০১৩ সালে ঝুট ব্যবসা করতে পারেননি।
আবদুল কাদের দেওয়ান বলেন, ‘২০০৯ সালে তৌহিদ জং মুরাদের ছোট ভাই লগন, ফুয়াদ ও আমি ইউএস টেক্সটাইলের সঙ্গে ঝুট ব্যবসা শুরু করি। কারখানা কর্তৃপক্ষই আগের ব্যবসায়ীকে বাদ দিয়ে আমাদের ব্যবসা করার সুযোগ করে দেয়। কিন্তু এবার কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়াই আমাদের বিতারিত করা হয়েছে।’
তবে যুবলীগ নেতা শাহাদত হোসেন দাবি করেন, ইউএস টেক্সটাইলের সঙ্গে তাঁদের কোনো ব্যবসা নেই।
আশুলিয়ার বুড়িপাড়া এলাকার নিট এশিয়া কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ছিল আশুলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল জলিলের কাছে। এখন নিয়ন্ত্রণ নিয়েছেন ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন।
ডিইপিজেড এলাকার তালিশমা কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ছিল সাভার থানা যুবলীগের সহসভাপতি নুরুল ইসলাম, আবদুল কাদের দেওয়ান ও রাজধানীর মিরপুরের রনি নামের একজনের হাতে। মাস খানেক আগে ওই কারখানার নিয়ন্ত্রণ নিয়েছেন ধামসোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ঢাকা জেলা আওয়ামী লীগের জেলা ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফারুক হোসেনের ভাতিজা জাকির হোসেন।
নিশ্চিন্তপুরের অ্যাবা প্যাকেজিং থেকে ঝুট বের করতেন স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আজহার আলী ও যুবলীগ নেতা আলাউদ্দিনসহ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। বর্তমানে ওই কারখানার ঝুট ব্যবসার দখল নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের কর্মী ফারুক হোসেন।
আশুলিয়ার বাইপাইল এলাকায় শাহরিয়ার গার্মেন্টসের সঙ্গে ঝুট ব্যবসা করতেন ধামসোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইউনুস, আওয়ামী লীগ কর্মী আবদুস সামাদ, তোফাজ্জল ও আবদুল কাদের দেওয়ান। ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম তাঁদের তাড়িয়ে এখন ঝুট নিচ্ছেন।
দল চলে ঝুটের টাকায়: আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বাসিন্দা যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান বলেন, দলীয় কর্মসূচিতে নেতা-কর্মী জোগাড় করতে প্রচুর টাকার প্রয়োজন। ঝুট ব্যবসা থেকে আয়ের টাকায় নেতা-কর্মীরা বেশ চাঙ্গা থাকে। কিন্তু গত আওয়ামী লীগ সরকারের আমলে কয়েকজন নেতা-কর্মীর কাছে ঝুট ব্যবসা জিম্মি ছিল। এবার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে এই ব্যবসা ভাগ করে দেওয়া হয়েছে।
সাবেক ও বর্তমান সাংসদ যা বলেন: সাবেক সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ বলেন, ‘২০০৯ সালে এলাকার সাংসদ হিসেবে আমি স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ঝুট ব্যবসা ভাগ করে দিয়েছিলাম। আমার পরিবারের কেউ এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিল না। কিন্তু এবার এনামুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হওয়ার পর তাঁর পরিবারের সদস্যরা ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েছেন।’
অভিযোগ অস্বীকার করে সাংসদ এনামুর রহমান বলেন, ‘ঝুট ব্যবসার নিয়ন্ত্রক পরিবর্তন করার জন্য আমাকে প্রতিনিয়ত নানা তদবিরের মুখোমুখি হতে হচ্ছে। অনেক বড় জায়গা থেকেও তদবির আসছে। কিন্তু আমি কোনো তদবিরেই সাড়া দিচ্ছি না। আমার পরিবারের সদস্যরা এর সঙ্গে যুক্ত নন।’