সাংসদের সভাস্থলে যুবলীগের পাল্টা সভা, ১৪৪ ধারা
ফরিদপুরের ভাঙ্গায় স্বতন্ত্র সাংসদ মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীর সভাস্থলে উপজেলা যুবলীগ সভা আহ্বান করায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ শনিবার উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংসদের সভা হওয়ার কথা ছিল।
দুই পক্ষ একই সময়ে জনসভা আহ্বান করায় শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে উপজেলা প্রশাসন আজ ভোর ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত ঘারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসহ আশপাশের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে। গতকাল দুপুরে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে মাইকে প্রচার করা হয়।
সাংসদ মজিবুর রহমানের সহকারী একান্ত সচিব জিয়াউল করিম বলেন, ‘আমরা ১২ এপ্রিল জনসভার কর্মসূচি চূড়ান্ত করে স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।’ ঘারুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মুরাদ হোসেন বলেন, ‘আমরা ২২ এপ্রিল কর্মিসভা করার লক্ষ্যে বিদ্যালয় কমিটি ও থানার ওসি বরাবরে আবেদন করেছি।’
প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাংসদের সমর্থকেরা বৃহস্পতিবার দিবাগত রাতে ঘারুয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে সভার মঞ্চ তৈরি শুরু করেন। গতকাল সকালে স্থানীয় যুবলীগও ওই মাঠে আরেকটি মঞ্চ তৈরি শুরু করে। পরে পুলিশের হস্তক্ষেপে দুই পক্ষই মঞ্চ তৈরির সরঞ্জামাদি সরিয়ে নিয়ে যায়। যুবলীগের এই পক্ষটি সাবেক সাংসদ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ-সমর্থিত।
গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনে ফরিদপুর-৪ আসনে জাফর উল্যাহকে হারিয়ে সাংসদ নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান।