সাংসদের সমর্থন নিয়ে মাঠে নেমে বিপাকে!
স্থানীয় সাংসদের মৌখিক সমর্থন নিয়ে রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছিলেন রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সহসভাপতি আব্বাস আলী। গত শনিবার পর্যন্ত তিনি নিজেকে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে এসেছেন। অথচ গতকাল রোববার জানা গেল, আওয়ামী লীগসমর্থিত প্রার্থী আব্বাস আলী নন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবদুর রউফের পক্ষে কেন্দ্র সমর্থন জানিয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আব্বাস আলী গতকাল প্রথম আলোকে জানান, এখন তিনি জনগণের প্রার্থী হয়ে গেছেন। তাঁর আর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই। তিনি আরও বলেন, কয়েক দিন আগে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ মেরাজ উদ্দিন মোল্লা তাঁকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন জানান এবং দোয়া করেন। সাংসদ মেরাজ উদ্দিন মোল্লা বলেন, ‘হ্যাঁ, আমি আব্বাস আলীকে সমর্থন দিয়েছিলাম। কিন্তু কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আবদুর রউফকে দলসমর্থিত প্রার্থী ঘোষণা করা হয়েছে।’ এখন কী করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আব্বাস আলীর পক্ষ থেকে এখন সমর্থন প্রত্যাহার করে নিতে হবে। কারণ, আমি তো আর কেন্দ্রের বাইরে যেতে পারি না।’ আওয়ামী লীগসমর্থিত প্রার্থী আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘প্রতিদ্বন্দ্বী হিসেবে দলের অন্য প্রার্থী যাঁরা এখনো মাঠে আছেন, আশা করছি, তারা শেষ পর্যন্ত কেউ মাঠে থাকবেন না। তাঁরা নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।’