সাংসদের সম্মানে শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে রাখা হলো
রাজশাহীর বাগমারার মোহনগঞ্জ উচ্চবিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানে সাংসদ আসবেন বলে শনিবার বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রেখে সাংসদকে সমঞ্চান জানানোর জন্য শিক্ষার্থীদের এক ঘণ্টা রোদে দাঁড় করিয়ে রাখা হয়।বিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার মোহনগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে জি-২০২১ নামের একটি সংগঠনের প্রতিনিধি সমেঞ্চলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংসদ এনামুল হক প্রধান অতিথি ছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি আগেই জানতে পেরে উদ্যোগী হয়ে ওই দিন পাঠদান বন্ধ রাখে। সকালে শিক্ষার্থীরা এলেও কোনো ক্লাস নেননি শিক্ষকেরা। শিক্ষার্থীদের বিদ্যালয়ে বসিয়ে রাখা হয়। পরে সাংসদকে সম্মান জানানোর জন্য শিক্ষার্থীদের দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত রোদে দাঁড় করিয়ে রাখা হয়। সাংসদ আসার পর শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়। সাংসদ কিছুক্ষণ পর অনুষ্ঠান থেকে চলে গেলেও আর ক্লাস নেওয়া হয়নি। বিদ্যালয়ের নবম ও ষষ্ঠ শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানায়, শনিবার তাদের কোনো ক্লাস হয়নি। সকালে বিদ্যালয়ে এলে শিক্ষকেরা তাদের কিছুক্ষণ বসিয়ে রাখে। পরে তাদের বিদ্যালয়ের প্রধান ফটক থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত সারি করে এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখে। অনুষ্ঠানের আয়োজক সংগঠনের উপজেলা শাখার সভাপতি হুমায়ন আহমেদ জানান, তাঁরা বিদ্যালয় বন্ধ রাখার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে বলেননি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াহেদ সাংসদের আগমন উপলক্ষে বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখার কথা স্বীকার করে বলেছেন, ছাত্রছাত্রীদের আজ (শনিবার) কোনো ক্লাস হবে না—তা আগেই বলে দেওয়া হয়েছিল। তবে শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে রাখা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘কিছু সময়ের জন্য রাখা হয়েছিল।’ এভাবে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে না রাখার মন্ত্রণালয়ের নির্দেশ না মানার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান জানান, শিক্ষার্থীদের এভাবে রোদে দাঁড় করিয়ে রাখা ও বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা ঠিক হয়নি। তিনি বিষয়টির খোঁজ নেবেন।এ ব্যাপারে যোগাযোগ করা হলে সাংসদের প্রেস সচিব জিল্লুর রহমান জানান, সাংসদ ঘটনাস্থলে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখে তাদের চলে যেতে বললে তারা চলে গিয়েছে।