সাংসদের সামনে কৃষি কর্মকর্তাকে পেটালেন আ.লীগ নেতা-কর্মীরা
মাগুরার শ্রীপুর উপজেলায় গতকাল রোববার কৃষি উন্নয়ন প্রকল্পের পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সাংসদের সামনে দুই উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধর করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ঘটনার পর পাওয়ার টিলার বিতরণ স্থগিত করা হয়।দারিদ্র্য দূরীকরণ ও খাদ্য নিরাপত্তার জন্য সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গতকাল শ্রীপুরের কৃষকদের মধ্যে পাওয়ার টিলার বিতরণের জন্য উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত স্থানীয় সাংসদ সিরাজুল আকবর।মুঠোফোনে যোগাযোগ করা হলেও সাংসদ বলেন, তাঁর সামনে মারধরের ঘটনা ঘটেনি। কৃষকদের তালিকা নিয়ে আপত্তি থাকায় পাওয়ার টিলার বিতরণ স্থগিত করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে আমলসার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক আজিজার রহমানসহ দলের কয়েকজন নেতা-কর্মী উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমানকে মারধর শুরু করেন। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা বদরুল আহসান ঠেকাতে গেলে তাঁকেও মারধর করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল কবীর এগিয়ে এলে তাঁকেও লাঞ্ছিত করা হয়। মাহফুজুর রহমান বলেন, ‘কৃষি কর্মকর্তারা আমাদের পছন্দের কৃষকদের তালিকাভুক্ত করেননি। এ কারণে এমপির সামনে একটু ধোলাই দিয়েছি।’ শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, তালিকা তৈরি নিয়ে ঝামেলা হওয়ায় ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। কৃষি কর্মকর্তারা নেতাদের কথা রাখেননি।