সাংসদের সামনেই কুপিয়ে রগ কর্তন করলেন ছাত্রলীগ নেতা!
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সগির মল্লিক নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়েছে। স্থানীয় সাংসদ ও পুলিশের সামনে ছাত্রলীগের এক নেতা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর বাঁ হাতের রগ কেটে দেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সাফা ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।
সগিরের বাড়ি ধানীসাফা গ্রামে। তিনি পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের নির্দলীয় সাংসদ রুস্তম আলী ফরাজীর সমর্থক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সাফা ডিগ্রি কলেজ মিলনায়তনে সাংসদ রুস্তম আলীর কর্মিসভা ছিল। সভা চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক পিঞ্জু শাহ্র নেতৃত্বে ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন নেতা-কর্মী সগির মল্লিককে কলেজের একটি কক্ষে ডেকে নিয়ে যান। এরপর সাংসদের উপস্থিতিতে পিঞ্জু ধারালো অস্ত্র দিয়ে সগিরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। গুরুতর অবস্থায় সগিরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল্লাহ আল আমিন প্রথম আলোকে বলেন, সগিরের বাঁ হাতের রগ কেটে গেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাংসদ রুস্তম আলী অভিযোগ করেন, তাঁর সামনেই ছাত্রলীগের একদল নেতা-কর্মী সগিরের (৩৫) ওপর হামলা করেন। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
হামলার অভিযোগ অস্বীকার করে পিঞ্জু শাহ্ বলেন, ‘সাংসদের সভা চলাকালে কলেজে গেলে সগিরের সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধস্তাধস্তি হয়। এ সময় কলেজের বেড়ার টিনে সগিরের হাত কেটে যায়।’
মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিববুল্লাহ এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার কথা অস্বীকার করেন। তবে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।