সাংসদের সামনেই দুই ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় স্থানীয় সাংসদ আ হ ম মুস্তফা কামালের (লোটাস কামাল) উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন-প্রত্যাশী দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটে।দলীয় সূত্রে জানা গেছে, নাঙ্গলকোট উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী নির্ধারণের জন্য সভা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও সদর দক্ষিণের একাংশ) আসনের সাংসদ ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক লোটাস কামাল। অন্যান্য ইউনিয়নের প্রার্থী নির্বাচন করার পর রাত ১০টার দিকে ৩ নম্বর রায়কোট ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়। এতে সমর্থন-প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মজিবুর রহমান এবং তাঁর প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম। সেখানে রফিকুল ইসলামের সমর্থকেরা মজিবুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ আনলে উভয়ের সমর্থকদের মধ্যে মারামারি বেধে যায়। এ সময় মজিবুর রহমান ও রফিকুল ইসলামও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উপজেলা আওয়ামী লীগের নেতারা তাঁদের সামলান। মারামারিতে সমর্থন-প্রত্যাশী দুই প্রার্থীসহ ১০ জন আহত হন। আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন।মজিবুর রহমান প্রথম আলোর কাছে হাতাহাতির কথা স্বীকার করে বলেন, সাংসদ তাঁকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে অনুরোধ করায় তিনি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ‘বড় দলে একাধিক প্রার্থী সমর্থন চাইতে পারে। সবাইকে তো আর দেওয়া যাবে না। সাংসদের উপস্থিতিতে পরিস্থিতি ঠিক করা হয়েছে। সেখানে রফিকুল ইসলামকে সমর্থন দেওয়া হয়েছে।’তবে এ ব্যাপারে সাংসদ লোটাস কামালের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।১৯ জুন এ ইউনিয়নে নির্বাচন হবে।