সাংসদের সুপারিশ নিয়ে অবৈধ হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া বস্তির পেছনে সিটি করপোরেশনের জমিতে অবৈধভাবে পশুর হাট বসানো হয়েছে। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হোসনে আরা বাবলীর সুপারিশ নিয়ে সিটি করপোরেশনের অনুমতি ছাড়াই এই হাট বসানো হয়েছে।
জানা গেছে, নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া পুলে অবস্থিত পাইকপাড়া সমাজকল্যাণ সংসদের নামে পার্শ্ববর্তী ১৮ নম্বর ওয়ার্ডে ঋষিপাড়া বস্তির পেছনে সিটি করপোরেশনের খালি জায়গায় গরুর হাট বসানোর জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয় ৫ সেপ্টেম্বর। এই আবেদনে সুপারিশ করেন সাংসদ হোসনে আরা বাবলী। সাংসদের স্বামী সুলতান উদ্দিন ওরফে নান্নুর বাড়ি পাইকপাড়ায়। জেলা প্রশাসকের পক্ষে গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে রেভিনিউ ডেপুটি কালেক্টর সিরাজাম মনিরার লেখা এক চিঠিতে সাংসদের সুপারিশের পত্রটি সংযুক্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়। সংরক্ষিত মহিলা সাংসদের পক্ষে তাঁর স্বামী সুলতান উদ্দিন বলেন, এলাকার সামাজিক উন্নয়নের জন্য একটি সংগঠন গরুর হাট বসাতে চাওয়ায় সাংসদ আবেদনে সুপারিশ করেছেন।