সাংসদের সুপারিশে হত্যা মামলার আসামিকে অব্যাহতি
খুলনায় ক্ষমতাসীন দলের এক সাংসদের সুপারিশের ভিত্তিতে হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত (চার্জশিট) এক আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। নিহত ব্যক্তির স্বজনেরা এ ঘটনাকে তাঁদের প্রতি চরম অন্যায় ও অবিচার বলে অভিহিত করেছেন।গতকাল বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহত সুবোধ সরদারের ছেলে মনিমোহন সরদার এ কথা বলেন।সংবাদ সম্মেলনে মনিমোহন সরদার অভিযোগ করে বলেন, তাঁরা কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তাঁরা ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাবুদ্দিন মোল্লার নির্যাতনের শিকার হয়ে আসছেন। একপর্যায়ে তাঁরা নির্যাতনের অভিযোগে পুলিশের খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বরাবরে আবেদন করেন। এতে ক্ষিপ্ত হয়ে ২০০৭ সালের ৫ নভেম্বর সন্ধ্যায় তাঁর বাবাকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারপিট করেন শাহাবুদ্দিন ও তাঁর সহযোগীরা। ১১ দিন পর তাঁর বাবা খুলনার একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে মারা যান। এ ঘটনার পর মামলা না করতে শাহাবুদ্দিন ভয়ভীতি দেখান। খুলনা রেঞ্জের ডিআইজির হস্তক্ষেপে ওই বছরের ১৭ নভেম্বর তাঁর কাকা দিনবন্ধু সরদার বাদী হয়ে শাহাবুদ্দিনসহ ছয়জনকে আসামি করে কয়রা থানায় হত্যা মামলা করেন। তাঁর বাবার হত্যা মামলা ছাড়াও শাহাবুদ্দিনের বিরুদ্ধে কয়রা থানায় আরও পাঁচটি মামলা রয়েছে।মনিমোহন আরও বলেন, ২০০৮ সালের সাধারণ নির্বাচনের পর স্থানীয় সাংসদ সোহরাব আলীর সঙ্গে শাহাবুদ্দিনের সখ্য গড়ে ওঠে। পরে শাহাবুদ্দিনের পক্ষ হয়ে সাংসদ ও কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান বিষয়টি মীমাংসার জন্য তাঁদের চাপ দিতে থাকেন। তাঁরা রাজি না হলে সাংসদ মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক অভিহিত করে শাহাবুদ্দিনকে অব্যাহতি দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ করেন।সাংসদ সোহরাব আলী প্রথম আলোকে বলেন, তাঁর জানামতে, শাহাবুদ্দিন এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন না। প্রতিদ্বন্দ্বীরা শাহাবুদ্দিনকে কৌশলে এই মামলায় আসামি করে। তাই মামলা থেকে শাহাবুদ্দিনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন তিনি।