সাংসদের স্বজনদের মেলা-বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সাভারে কলেজ ও সরকারি প্রতিষ্ঠানের মাঠে বৈশাখী মেলার আয়োজন করে দোকান বরাদ্দ ও লাকি কুপনের নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় সাংসদের স্বজনেরা এসব মেলার আয়োজন করেন বলে জানা গেছে।
সাভার বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে পয়লা বৈশাখ উপলক্ষে মেলার আয়োজন করেছেন সাংসদ এনামুর রহমানের শ্যালক আবদুল আলীম ওরফে সোহাগ। মেলায় দেড় শতাধিক বিভিন্ন ধরনের স্টল রয়েছে। এসব স্টল থেকে দুই হাজার করে টাকা আদায় করা হয়েছে। এ ছাড়া মেলায় আসা দর্শনার্থীদের কাছ থেকে প্রবেশমূল্য ও লাকি কুপনের নামে আদায় করা হয়েছে ১০ টাকা করে। অথচ কলেজকে কোনো অর্থই দেওয়া হয়নি।
গত শুক্রবার মেলায় আসা দর্শনার্থী সোহরাব হোসেন, আবদুস সালাম, আলমগীর হোসেনসহ আরও অনেকে অভিযোগ করেন, মেলায় প্রবেশের আগে ১০ টাকা মূল্যের লাকি কুপন বাধ্যতামূলক করা হয়েছে। কুপন সংগ্রহ না করলে কাউকে মেলায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
মেলায় হস্তশিল্পের দোকান দিয়েছেন ব্যবসায়ী তরিকুল ইসলাম। দুটি দোকানের জন্য তাঁকে জামানত হিসেবে দিতে হয়েছে চার হাজার টাকা। তরিকুল বলেন, জামানত ছাড়াও লাইট, টেবিল ও সার্ভিস চার্জ বাবদ তাঁর কাছ থেকে প্রতিদিন আরও ২৫০ টাকা আদায় করেন আয়োজক কমিটির লোকজন।
জানতে চাইলে কলেজের অধ্যক্ষ ইলিয়াস হোসেন খান বলেন, সাংসদ এনামুর রহমান কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি। তাঁর কাছ থেকে অনুমতি নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। ইজারা বাবদ কলেজে কোনো টাকা দেওয়া হয়নি।
যোগাযোগ করা হলে আবদুল আলীম বলেন, বিনোদনের জন্য মেলার আয়োজন করা হয়েছে। আর মেলা পরিচালনার জন্য স্টল ও লাকি কুপনের নামে কিছু টাকা আদায় করা হয়েছে।
এদিকে সাভারের রেডিও কলোনি এলাকায় বাংলাদেশ বেতারের জমিতে মেলা আয়োজনের প্রস্তুতি নিয়েছিলেন সাংসদ এনামুর রহমানের অপর শ্যালক মনিরুল হক ওরফে মুকুল। ব্যবসায়ীদের কাছ থেকে জামানতও আদায় করা হয়েছিল। কিন্তু অনুমতি ছাড়া মেলার উদ্যোগ নেওয়ায় বেতার কর্তৃপক্ষ মেলায় বাধা দেয়। এ কারণে মেলার আয়োজন করা সম্ভব হয়নি।
ব্যবসায়ীদের কয়েকজন বলেন, মেলায় স্টল দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত জামানত আদায় করা হয়েছিল। মেলা আয়োজনে ব্যর্থ হলেও তাঁদের টাকা ফেরত দেওয়া হয়নি।
মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে মুকুলের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
তবে মুকুলের আত্মীয় ও মেলা আয়োজকদের একজন মো. মাখন বলেন, কর্তৃপক্ষের অনুমতি না থাকায় মেলা পরিচালনা করা সম্ভব হয়নি। আর কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে যে টাকা আদায় করা হয়েছিল তা ফেরত দেওয়া হচ্ছে।
সাংসদ এনামুর রহমান বলেন, এ দেশের ঐতিহ্যকে ধরে রাখতে মেলার প্রয়োজন রয়েছে। কিন্তু মেলার নামে কেউ বাণিজ্য করলে তা দুঃখজনক।
সোহাগের বিষয়ে তিনি বলেন, ‘মেলার নামে লাকি কুপন বিক্রির বিষয়টি আমার জানা ছিল না। এ রকম হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’