স্থানীয় সাংসদের হস্তক্ষেপে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া কঠিন শিলাখনি এলাকা থেকে শ্রমিকেরা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি গতকাল মঙ্গলবার প্রত্যাহার করে নিয়েছেন। গত সোমবার সকাল নয়টা থেকে পাঁচ দফা দাবিতে তাঁরা খনির মূল ফটকসহ বিভিন্ন স্থান অবরোধ করে রাখেন। এতে খনির ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীরা বাইরে আসতে না পারায় ভোগান্তিতে পড়েন।
শ্রমিকেরা জানান, চাকরিচ্যুত পাঁচ শ্রমিককে চাকরিতে পুনর্বহাল, সব শ্রমিককে পেট্রোবাংলার অধীনে স্থায়ী নিয়োগ, ডিপ্লোমাধারীদের চাকরি নিয়মিতকরণ, ছাঁটাই বন্ধ ও সরকারঘোষিত শতকরা ২০ ভাগ মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে গত ২৫ নভেম্বর থেকে চুক্তিভিত্তিক ৩০৮ জন শ্রমিক কর্মবিরতি শুরু করেন। আন্দোলনের মুখে ডিপ্লোমাধারীদের চাকরি নিয়মিতকরণ, বিধিবহির্ভূতভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ ও মহার্ঘ ভাতা দেওয়ার আশ্বাস দেয় খনি কর্তৃপক্ষ। এ ছাড়া বাড়তি সুবিধা হিসেবে চলতি মাস থেকে শ্রমিকদের বেতন দুই হাজার ৫০০ টাকা বৃদ্ধি করা হয়।
খনির উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বপ্রাপ্ত বেলারুশের নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) খনির শ্রমিক সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ব্লুস্টার সার্ভিসেসের মাধ্যমে প্রস্তাবিত শর্তে গত ১৮ ডিসেম্বরের মধ্যে ধর্মঘট ত্যাগ করে কাজে যোগদানের জন্য নোটিশ দেওয়া হয়। এতে রাজি হয়ে মাত্র ৫৬ জন কাজে যোগ দেন। এদিকে ব্লুস্টার সার্ভিসেসের সঙ্গে হওয়া চুক্তির শর্ত অনুসারে গত ৩১ ডিসেম্বর খনির ৩০৮ জন শ্রমিকের চাকরির মেয়াদ শেষ হয়ে যায়। এ অবস্থায় ২৫২ জন শ্রমিক গত সোমবার সকাল থেকে খনির মূল ফটক ও বহির্গমনের সব রাস্তা বন্ধ করে দিয়ে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালন শুরু করে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহামঞ্চদ মঈন উদ্দিন জানান. শ্রমিকদের চাকরির মেয়াদ শেষ হওয়ায় তাঁদের ভবিষ্যৎ নির্ভর করছে খনির নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির সিদ্ধান্তের ওপর।
শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলাম জানান, দিনাজপুর-৫ আসনের সাংসদ মোস্তাফিজার রহমান গতকাল বেলা ১১টায় খনি এলাকায় এসে তাঁদের পাঁচ দফা দাবি নিয়ে ১৩ জানুয়ারি খনি কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকের আশ্বাস দিয়েছেন। এ কারণে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেছেন। তবে কর্মবিরতি অব্যাহত থাকবে।