সাংসদের হাত ধরে নাশকতা মামলার আসামি আ. লীগে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে নাশকতা মামলার আসামিসহ বিএনপির শতাধিক নেতা-কর্মী গত শনিবার রাতে আওয়ামী লীগে যোগদান করেছেন। নোয়াখালী-২ আসনের সাংসদ মোরশেদ আলমের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা দলে যোগদান করেন। কেন্দ্রীয় অনুমোদন ছাড়াই তাঁদের দলে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

যোগদানকারীদের নেতৃত্বে ছিলেন উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ উল্যাহ। তাঁর বিরুদ্ধে গাড়ি পোড়ানো, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে।

অন্য দল থেকে আওয়ামী লীগে যোগদানের ক্ষেত্রে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুমোদন নেওয়ার দলীয় নির্দেশনা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে গতকাল রোববার সাংসদ মোরশেদ আলম প্রথম আলোর কাছে দাবি করেন, দলীয় এ নির্দেশনার কথা তাঁর জানা ছিল না। মোহাম্মদ উল্যাহর বিরুদ্ধে কোনো মামলার কথাও তিনি জানতেন না।

এর আগে শনিবার রাতে যোগদান উপলক্ষে সাংসদের বেগমগঞ্জের দীনেশগঞ্জ এলাকার  কারখানাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংসদ দলে যোগদানকারীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন।

বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান প্রসঙ্গে মোহাম্মদ উল্যাহ বলেন, সেনবাগ বিএনপিতে রাজনীতির কোনো চর্চা নেই। তাই বাধ্য হয়ে তিনিসহ শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। তাঁর বিরুদ্ধে করা মামলাগুলো সব রাজনৈতিক।