সাংসদের হাতে কলেজ শিক্ষক লাঞ্ছিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সাংসদ মজিবর রহমানের বিরুদ্ধে আদিতমারী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেয়াজ উদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগে শিক্ষক রেয়াজ উদ্দিন বলেন, গতকাল বুধবার সকালে আদিতমারীর নিজ বাড়িতে সাংসদ তাঁকে মারধর করেন।এ ব্যাপারে সাংসদ মজিবর রহমানের সঙ্গে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।জানা গেছে, সাংসদ মজিবর রহমান গত ২ অক্টোবর কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের ঘটনায় ওই কলেজের মাঠে লাঞ্ছিত হন। তিনি এ ঘটনার দোষ চাপান রেয়াজ উদ্দিনের ওপর। সাংসদ মজিবর রহমান আদিতমারী ডিগ্রি কলেজের সভাপতি হওয়ায় তাঁর নির্দেশে কলেজের অধ্যক্ষ আজিজার রহমান শিক্ষক রেয়াজ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশের জবাব দিয়ে ঘটনাটি মীমাংসার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ শিক্ষক রেয়াজ উদ্দিন গতকাল সকালে মজিবর রহমানের আদিতমারীর বাসায় যান। আলাপ-আলোচনার একপর্যায়ে সাংসদ উত্তেজিত হয়ে রেয়াজ উদ্দিনকে গালাগাল করেন এবং অতর্কিতভাবে শার্টের কলার ধরে কিল-ঘুষি মারেন। এতে তিনি মাটিতে পড়ে যান। এ সময় আশপাশের লোকজন এসে তাঁকে সেখান থেকে উদ্ধার করেন। কলেজশিক্ষক রেয়াজ উদ্দিন বলেন, ‘আমি ঘটনার বিস্তারিত উল্লেখ করে এর প্রতিকার চেয়ে বুধবার দুপুরে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছি।’জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার বলেন, ‘অনেকেই ফোন করে ঘটনাটি আমার কাছে জানতে চেয়েছেন।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি অভিযোগের কপিটি এখনো পাইনি। পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’আদিতমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজার রহমান বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। একজন কলেজশিক্ষককে মারপিটের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।