সাংসদের 'অনুমতিতে' আটকে আছে চেয়ারম্যানদের স্বাধীনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন অনুযায়ী উপজেলা পরিষদের যেকোনো কাজের আগে স্থানীয় সাংসদের ‘অনুমতি’ (পরামর্শ) নিতে হচ্ছে। এতে করে উপজেলা চেয়ারম্যানরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন না। উপজেলা পরিষদকে কার্যকর করতে হলে আইন থেকে এ ধারাটি বাদ দিতে হবে। একই সঙ্গে উন্নয়নকাজের জন্য উপজেলা পরিষদকে পর্যাপ্ত বরাদ্দ দিতে হবে।

গতকাল বুধবার চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকার এলজিইডি ভবনের মিলনায়তনে ‘উদ্ভাবনী উৎসাহীকরণ সম্মাননা’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন উপজেলার চেয়ারম্যানরা। এ অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় ও উপজেলা গভর্ন্যান্স প্রকল্প।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন। স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক দীপক চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলজিইডি চট্টগ্রামের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মীর ইলিয়াছ মোরশেদ। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা গভর্ন্যান্স প্রকল্পের উন্নয়ন সহযোগী ইউএনডিপির ন্যাশনাল কনসালটেন্ট এ এফ এম সালেহ অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যানরা বলেন, উপজেলা পরিষদ আইনের ২৫ ধারা অনুযায়ী সাংসদ উপজেলা পরিষদের উপদেষ্টা। পরিষদকে তাঁর পরামর্শ গ্রহণ করতে হয়। আইনে পরামর্শ বলা হলেও আসলে যেকোনো কাজের জন্য সাংসদের ‘অনুমতি’ প্রয়োজন। এটা হাত-পা বেঁধে সাঁতার কাটতে বলার মতোই অবস্থা। এই একটি ধারার মাধ্যমে মূল সরকার ও স্থানীয় সরকারের মধ্যে সাংঘর্ষিক অবস্থা বিরাজ করছে। কারণ, আইনের আরেকটি ধারায় রয়েছে উপজেলা পরিষদের নির্বাহী ক্ষমতা চেয়ারম্যানের হাতে থাকবে। আইনের ২৫ ধারাটি বাদ দিয়ে উপজেলা চেয়ারম্যানদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার দাবি জানান তাঁরা।

বরাদ্দ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন উপজেলা চেয়ারম্যান। তাঁরা দাবি করেন, পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় উন্নয়নকাজ করা যাচ্ছে না। এতে স্থানীয় জনগণের তোপের মুখে পড়তে হয় তাঁদের। বিভিন্ন সরকারি অনুষ্ঠানের দাওয়াত থেকেও তাঁরা বঞ্চিত হন।

স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে উপজেলা চেয়ারম্যানদের তোলা দাবিগুলোর যৌক্তিকতা ও প্রাসঙ্গিকতা রয়েছে বলে অনুষ্ঠানে জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন। তিনি বলেন, এসব দাবি গুরুত্ব দিয়ে সুপারিশ আকারে মন্ত্রণালয়ে পাঠানো হবে। তিনি বলেন, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য অভিন্ন। সেটি হচ্ছে জনগণের সেবা করা। প্রশাসন ও পরিষদ মিলেমিশে কাজ করলে এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন আসবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সভাপতি ও রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী, উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলার সভাপতি ও চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান আলী শাহ, রাঙামাটির বরকল উপজেলার চেয়ারম্যান মনি চাকমা, ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা, খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান প্রমুখ।

উপজেলা গভর্ন্যান্স প্রকল্পের আওতায় জনকল্যাণমুখী ধারণা (আইডিয়া) উদ্ভাবন ও বাস্তবায়নের জন্য ১০টি উপজেলা পরিষদকে উৎসাহীকরণ সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে। সম্মাননা পাওয়া উপজেলাগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর ও সরাইল উপজেলা, কুমিল্লা জেলার নবীনগর উপজেলা, ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা, চট্টগ্রামের সাতকানিয়া ও হাটহাজারী উপজেলা, চাঁদপুরের শাহরাস্তি উপজেলা, লক্ষ্মীপুরের রামগতি ও খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা।