সাংসদের ‘অবমূল্যায়ন’ নিয়োগ স্থগিত
সরকারদলীয় স্থানীয় সাংসদের বাধার কারণে বগুড়ার ধুনটে ২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে চুক্তিভিত্তিক নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে না। নিয়ম অনুযায়ী ৩০ দিনের মধ্যে নিয়োগ দেওয়ার কথা। কিন্তু দুই মাস পরও দেওয়া হয়নি।এ বিষয়ে সাংসদ হাবিবর রহমান বলেন, ‘নিয়োগ কমিটি আমাকে না জানিয়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তালিকা চূড়ান্ত করেছে। আমি একজন সাংসদ হিসেবে মনে করি তাঁরা আমাকে অবমূল্যায়ন করেছেন। এ কারণে ওই তালিকা স্থগিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আমি নির্দেশনা দিয়েছি।’উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৩-এর আওতায় প্রথম পর্যায়ে উপজেলার ২৯টি বিদ্যালয়ে একজন করে দপ্তরি কাম প্রহরী নিয়োগে গত ৯ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তালিকাভুক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষা কর্মকর্তার সমন্বয়ে তিন সদস্যের নিয়োগ কমিটি গঠন করা হয়। এই কমিটির মাধ্যমে গত ২২ মার্চ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দিন বিকেলে ২৯ জনের তালিকা চূড়ান্ত করে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে দাখিল করা হয়।নিয়োগ কমিটির সদস্য ধুনট উপজেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি গোলাম সোবাহান বলেন, ‘নিয়োগ কার্যক্রম স্থগিত করার বিষয়ে সব বুঝেও বলতে পারছি না।’ উপজেলা শিক্ষা কর্মকর্তা মিহির লাল আচার্য্য জানান, খুব দ্রুত এ সমস্যার সমাধান করা হবে। ইউএনও হাফিজুর রহমান বলেন, স্থানীয় সাংসদকে পাশ কাটিয়ে কোনো নিয়োগের কাজ করা যায় না। সাংসদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি হয়েছে কি না তা তাঁর জানা নেই। কারণ তিনি ওই সময় এ উপজেলার দায়িত্বে ছিলেন না।