সাংসদের ‘ডিও লেটার’ থাকায় বিল ইজারায় অগ্রাধিকার!
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি মৎস্যজীবী সমিতির পক্ষে স্থানীয় সাংসদের ডেমো অফিসিয়াল (ডিও) লেটার (আধা সরকারিপত্র) থাকায় ওই সমিতিকে অগ্রাধিকার ভিত্তিতে বিল (জলমহাল) ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বাংলা ১৪১৯-১৪২৪ সন পর্যন্ত সময়ের জন্য উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার গৌরাঙ্গ (বদ্ধ) বিল ইজারা পেতে কৃষ্ণনগর ও বাছিরপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সুধীর বিশ্বাস ও সুধীর চন্দ্র বিশ্বাস পৃথকভাবে ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করেন। বিলটির আয়তন ২৫ দশমিক ৭২ একর। কৃষ্ণনগর সমিতির সভাপতি বার্ষিক এক লাখ ২৪ হাজার ২২১ টাকা এবং বাছিরপুর সমিতির সভাপতি বার্ষিক ৪৩ হাজার ৪৪৭ টাকা ইজারামূল্য দেবেন বলে আবেদনে উল্লেখ করেন। বাছিরপুর সমিতির পক্ষে ডিও লেটার দেন স্থানীয় মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন। পরবর্তী সময়ে মাঠপর্যায়ের প্রতিবেদনের জন্য উভয় পক্ষের আবেদন মন্ত্রণালয় থেকে মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। জেলা প্রশাসক তা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠান। পরে তদন্ত করে প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পাঠানো হয়। গত ৩০ মে ভূমি মন্ত্রণালয়ে জলমহাল ব্যবস্থাপনা কমিটির একটি বৈঠক হয়। সেখানে বাছিরপুর সমিতিকে গৌরাঙ্গ বিল ইজারা দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়।সূত্র জানায়, বিল ইজারার ক্ষেত্রে নিকটবর্তী সমিতিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে নীতিমালায় উল্লেখ আছে। কৃষ্ণনগর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সুধীর বিশ্বাস গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জেনেছি, এমপি সাহেব ডিও লেটার দেওয়ায় বাছিরপুর সমিতি অগ্রাধিকার পেয়েছে।’ তাঁর দাবি, তাঁদের সমিতি বিলের একেবারে নিকটবর্তী ও কৃষ্ণনগর মৌজার অভ্যন্তরে পড়েছে। কিন্তু বাছিরপুর সমিতি দূরবর্তী ও বাছিরপুর মৌজায় অবস্থিত। সুধীর বিশ্বাস জানান, গৌরাঙ্গ বিল ইজারা পেতে তিনি গত ২৮ মে ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবর নতুন করে লিখিত আবেদন করেছেন।একাধিকবার যোগাযোগের চেষ্টা করে বাছিরপুর সমিতির সভাপতির মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। তবে নাম প্রকাশ না করার শর্তে ওই সমিতির এক সদস্য দাবি করেন, তাঁদের সমিতিও গৌরাঙ্গ বিলের নিকটবর্তী। আগের দেওয়া আবেদন তাঁরা সংশোধন করেছেন। সেখানে ইজারামূল্য বার্ষিক এক লাখ ৪১ হাজার টাকা দেবেন বলে তাঁরা উল্লেখ করেন। এটা কীভাবে সম্ভব হলো—এ প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সাংসদের কাছ থেকে ‘ডিও লেটার’ নেওয়ার বিষয়টি তিনি স্বীকার করেন। ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদুল আলম বৈঠকের সত্যতা নিশ্চিত করে গত বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে বলেন, ‘মন্ত্রী মহোদয় এখনো কাগজপত্রে সই করেননি। সই করার পর সিদ্ধান্তের ব্যাপারে বিস্তারিত বলা যাবে।’ সাংসদ মো. শাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ডিও লেটার দিয়েছি, এটা বড় কথা নয়। মাঠপর্যায়ের প্রতিবেদনের ওপর ভিত্তি করে ও নীতিমালা অনুসরণ করেই বিল ইজারা দেওয়ার কথা। এ ছাড়া দুটি সমিতিই গৌরাঙ্গ বিল থেকে সমান দূরত্বে পড়েছে বলে শুনেছি।’