সাংসদেরা আচরণের প্রতি যত্নবান হলে অন্যরাও অনুপ্রাণিত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদেরা সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্ব দেন। অথচ তাঁদের কোনো আচরণবিধি নেই। তাই দুর্নীতি ও অপকর্ম করেও তাঁরা পার পেয়ে যান। এমনকি তাঁরা তাঁদের এখতিয়ারবহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত হন। সাংসদেরা তাঁদের আচরণের প্রতি যত্নবান হলে অন্যরাও অনুপ্রাণিত হবে। গণতন্ত্র সমৃদ্ধ হবে এবং মানুষের প্রত্যাশা পূরণ হবে।সিরডাপ মিলনায়তনে ‘সংসদ সদস্য আচরণ ২০১০: কি এবং কেন?’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। সাংসদদের আচরণবিধি নিয়ে সরকারদলীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী যে বেসরকারি বিল উত্থাপন করতে যাচ্ছেন, বৈঠকে তার ওপর আলোচনা হয়। আলোচকেরা বিলটি পাস করে আইনে পরিণত ও তা বাস্তবায়নে সাংসদের প্রতি আহ্বান জানান।গোলটেবিল বৈঠকে টিআইবির ট্রাস্টি অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সরকারি চাকুরেদের জন্যও আচরণবিধি আছে। কিন্তু তা না মানার পর্যায়ে চলে গেছে। সাংসদেরা এটা চালু করলে অন্যরা দেখে উত্সাহ পাবে।মোজাফ্ফর আহমদ সংসদ কার্যক্রম, সংসদের বিভিন্ন কমিটিতে অংশগ্রহণসহ নানা বিষয়ের বিবেচনায় সাংসদদের নম্বর দেওয়ার পদ্ধতি চালু করা যায় কি না, তা ভেবে দেখার আহ্বান জানান।টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন খান বলেন, শুধু বিলটি পাস হলেই হবে না, বাস্তবায়নও করতে হবে। সাংসদেরা আচরণবিধি মেনে চললে অন্য সরকারি প্রতিষ্ঠানগুলোতেও আচরণবিধি মানার প্রবণতা সৃষ্টি হবে।হাফিজ উদ্দিন খান সংসদ বর্জন বা অনুপস্থিত থাকার সমালোচনা করে বলেন, সংসদ কারও শ্বশুর বাড়ি নয়। মানুষ ভোট দিয়েছে সংসদে অংশ নেওয়ার জন্য। ওজর-আপত্তি তোলার কোনো সুযোগ নেই। সংসদ কারও সম্পত্তিও নয়।সাবের হোসেন চৌধুরী বলেন, ‘সংসদের কার্যপ্রণালী বিধিতে সাংসদদের আচরণ ও দায়িত্বের উল্লেখ নেই। আমরা সর্বোচ্চ পর্যায়ে জাতিকে নেতৃত্ব দিচ্ছি। আমি বিশ্বাস করি আমাদেরও আচরণবিধি থাকা উচিত। যাতে নিজেরা নিজেদের তদারকি করতে পারি। সে জন্যই এই বিলটি এনেছি। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও আচরণবিধি ঠিক করার কথা বলা হয়েছে।’সাবের চৌধুরী আরও বলেন, বিলটি পাস হলে এর মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হবে এবং গণতন্ত্রের ভিত শক্ত হবে। বিলটি সুশাসন প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখবে।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এস এম শাহজাহান বিলটি সম্পর্কে বলেন, এটাকে শুরু হিসেবে নেওয়া যায়, শেষ নয়। আরও সংযোজন-বিয়োজন হতে পারে।বদিউল আলম মজুমদার বলেন, সাংসদের কাজ হচ্ছে শুধু আইন প্রণয়ন করা। স্থানীয় প্রকল্প বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা রক্ষা করা তাদের দায়িত্ব নয়। তারপরও সাংসদেরা এই কাজ করলে তা হবে সংবিধান ও আইনের পরিপন্থী। সংসদের কার্যপ্রণালী বিধিরও লঙ্ঘন এসব কর্মকাণ্ড।মূল বক্তব্যে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, টিআইবির গবেষণায় দেখা গেছে, সাংসদদের জন্য একটি আচরণবিধির ব্যাপক চাহিদা ও প্রত্যাশা রয়েছে। ক্ষমতার অপব্যবহার রোধ, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে সাবের হোসেন চৌধুরীর বিলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সাংসদ নিলুফার চৌধুরী বলেন, ‘প্রথম দিন সংসদে গিয়েই একজন সাংসদের আচরণ দেখে ব্যথিত হয়েছি।’সাবেক সচিব আবদুল লতিফ মণ্ডল বলেন, বিগত ৪০ বছরের ইতিহাসে সংসদে প্রায় ৩০০ বেসরকারি বিল এসেছে। সেগুলোর মধ্যে মাত্র ছয়টি পাস হয়েছে। এই বিলটিও পাস হবে কি না সন্দেহ।গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন সাংসদ মুজিবুল হক, সাংসদ গোলাম মাওলা, মোস্তফা চৌধুরী, হুমায়ুন কবির, সাদেক সিদ্দিকী।