সাংসদেরা দিলেও আ.লীগ মনোনয়ন দেয়নি তাঁদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার ও ধামরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পেলেন না স্থানীয় সাংসদদের আস্থাভাজন হিসেবে পরিচিত আওয়ামী লীগের নেতারা। সাভার থেকে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন আশরাফ উদ্দিন খান এবং ধামরাই থেকে শফিক আনোয়ার। সটকে পড়েছেন সাভার ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের দুই সাধারণ সম্পাদক।জানা গেছে, সাভার পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ উদ্দিন খান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার। এ দুই নেতার মধ্যে আশরাফ উদ্দিন খানকেই দলের উচ্চপর্যায় থেকে সমর্থন দেওয়া হয়েছে। অথচ স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ দলীয় প্রার্থী হিসেবে আলী হায়দারের নাম ঘোষণা করেছিলেন। তফসিল ঘোষণার আগে থেকেই বিভিন্ন জনসভায় আলী হায়দারকেই সাভারের পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে আসছিলেন সাংসদ।তফসিল ঘোষণার পর আলী হায়দার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ভোট প্রার্থনায় নামেন জোরেসোরে। শেষ পর্যন্ত দলের উচ্চপর্যায় থেকে আশরাফ উদ্দিন খানের পক্ষে সমর্থন জানানো হয়। এ প্রসঙ্গে আলী হায়দার বলেন, ‘স্থানীয় সাংসদ ও তৃণমূল নেতাদের ইচ্ছায় আমি দলীয় প্রার্থী হিসেবে মনোয়নপত্র জমা দিয়েছিলাম। কিন্তু এখন দেখছি আশরাফ উদ্দিন সাহেবের পাল্লাই ভারী। দল আশরাফ উদ্দিন খানকে মনোনয়ন দিয়েছে, তাই আমি সরে দাঁড়াব।’ আশরাফ উদ্দিন খান মনে করেন, ভোটারদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা বেশি। এ ছাড়া আলী হায়দারকে তৃণমূল পর্যায়ের নেতাদের সমর্থনের প্রক্রিয়াটাও ছিল অগণতান্ত্রিক। দলের উচ্চপর্যায় থেকে এসব বিষয়ে খোঁজখবর নিয়েই তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে। সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ বলেন, ‘তৃণমূল নেতাদের সমর্থন নিয়েই আলী হায়দারকে সমর্থন দিয়েছিলাম। তবে দলের উচ্চপর্যায় থেকে আশরাফ উদ্দিন খানকে ভালো প্রার্থী মনে করেছে, তাই তাঁকেই মনোনয়ন দিয়েছে।’ধামরাই পৌরসভা নির্বাচনেও মেয়র পদে নির্বাচনের জন্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনকে সমর্থন জানিয়েছিলেন স্থানীয় সাংসদ বেনজীর আহামেদ। কিন্তু শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পেয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক শফিক আনোয়ার।শাখাওয়াত হোসেন বলেন, ‘সাংসদের কথামতোই আমি মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত শফিক আনোয়ারকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।’ নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কি না তা জানতে চাইলে তিনি বলেন, ‘দল করলে দলীয় সিদ্ধান্ত মানতে তো হবেই।’আওয়ামী লীগের সমর্থন পাওয়া মেয়র পদপ্রার্থী শফিক আনোয়ার বলেন, ‘কারও আশীর্বাদ বা জোর বড় কথা নয়, যোগ্যতাই বড় বিষয়। দল আমাকে যোগ্য মনে করেছে, তাই আমিই মনোনয়ন পেয়েছি। এখন দলীয় স্বার্থে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে।’