সাংসদেরা সংসদে না এলে মন ভেঙে যায়: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, সাংসদদের সংসদে না দেখলে তাঁর মন ভেঙে যায়। গতকাল মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনার ফাঁকে তিনি এ কথা বলেন।স্পিকার আলোচনার জন্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের নাম ঘোষণা করেন। কিন্তু তিনি আসনে ছিলেন না। এ সময় রওশন এরশাদের আসনে বসে ছিলেন সরকারি দলের ইসরাফিল আলম। পাশে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আসনে বসে ছিলেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ। তা দেখে স্পিকার বলেন, ‘আমি অনেক সদস্যকে দেখেছি, তাঁরা অনেক সময় নিজের চেয়ারে না বসে অন্য চেয়ারে বসে থাকেন। কাজের প্রয়োজনে যেতে পারেন, কিন্তু অনেকে শুধু গল্পই করতে থাকেন। এটা ঠিক নয়। আমি সবাইকে যাঁর যাঁর আসনে যেতে অনুরোধ করছি।’আবদুল হামিদ বলেন, ‘অনেককে সংসদে নিয়মিত দেখি না, কিন্তু টেলিভিশন টক শোতে দেখা যায়। কিছু তো বলার নাই। আমি তো আর বলতে পারি না, তাই কইলজা ফাইট্টা যায়। তবে বলতে পারি, সংসদ সদস্যরা সংসদে না আসলে আমার মনটা ভেঙে যায়। কাজেই আপনাদের যেন সংসদে বেশি বেশি দেখি।’বিল পাস: রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার আগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) বিল, ২০১৩ সংসদে পাস হয়। বিলটি উত্থাপন করেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ। সংসদ সচিবালয় সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) বিলটি সংশোধনের জন্য গতকাল আইন মন্ত্রণালয় থেকে সংসদ সচিবালয়ে নোটিশ পাঠানো হয়েছে। বিলটি আজ বুধবার উত্থাপিত হতে পারে। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শেষে সংসদের অধিবেশন আজ বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।