অর্থমন্ত্রী আবুল মাল অাবদুল মুহিত বলেছেন, জাতীয় অগ্রগতি শুধু অর্থনীতিই নয়, সেখানে নানান কিছুর প্রয়োজন রয়েছে। এর মধ্যে সংস্কৃতি ও পাবলিক লাইব্রেরি বিশেষ গুরুত্ব বহন করে। দেশে পাবলিক লাইব্রেরির অভাব রয়েছে। তারপরও এটিকে এগিয়ে নিতে হবে। সাংস্কৃতিক অগ্রযাত্রাকে ধরে রাখতে বেশি বেশি পাবলিক লাইব্রেরি করা প্রয়োজন।
গতকাল শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসারে বঙ্গীয় গ্রন্থ জাদুঘর উদ্বোধনকালে অর্থমন্ত্রী আবুল মাল অাবদুল মুহিত এসব কথা বলেন।
অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। এ সময় ফাউন্ডেশনের কার্যালয় ও আবদুল জব্বার খান মুক্তমঞ্চেরও উদ্বোধন করেন আবুল মাল অাবদুল মুহিত।
আবুল মাল অাবদুল মুহিত আরও বলেন, গ্রন্থ জাদুঘর ব্যতিক্রম একটি বিষয়। এ থেকেও জ্ঞানচর্চা ও গবেষণা প্রসারিত হবে। এই জাদুঘরে প্রাচীন পুস্তক স্থান পেয়েছে, যা সবখানে পাওয়া সম্ভব নয়।
অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, দৈনিক কালের কণ্ঠ-এর সম্পাদক ইমদাদুল হক মিলন, স্থপতি কবি রবিউল হুসাইন প্রমুখ।
কনকসারে বঙ্গীয় গ্রন্থ জাদুঘরটিতে ৩৫টি আলমারিতে ২০ হাজারের বেশি বই সাজানো রয়েছে। এর মধ্যে তালপাতার বই, তুলট কাগজের বই, খোদাই করা ছাপার বইও আছে।