সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে পৌর সদরের বিহারপুর ও রাজকান্দা গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে রাজকান্দা গ্রামবাসী গত বৃহস্পতিবার রাতে গ্রামের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। পাশের বিহারপুর গ্রামের লোকজন অনুষ্ঠান দেখতে যান। অনুষ্ঠান চলাকালে কয়েকজন তরুণ মঞ্চের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আয়োজকদের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। এ ঘটনায় আয়োজকেরা বিহারপুর গ্রামের ফজলুল, মাসুদ, সজীব ও মিলনকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।
গতকাল সকালে রাজকান্দা গ্রামের লোকজন আক্কেলপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় বিহারপুর গ্রামের লোকজন তাঁদের আটকে রেখে বেধড়ক মারধর করেন। এ খবর রাজকান্দা গ্রামে পৌঁছালে পৌর কাউন্সিলর আফাজউদ্দিনের নেতৃত্বে কয়েক শ গ্রামবাসী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে বিহারপুর গ্রামে হামলা চালান। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পৌর কাউন্সিলর আফাজউদ্দিন বলেন, ‘সাংস্কৃতিক অনুষ্ঠানের গন্ডগোলের জের ধরে রাজকান্দা গ্রামের লোকজন বিহারপুর গ্রামে গেলে তাঁদের মারধর করা হয়। আমি বিষয়টি জানতে গেলে বিহারপুর গ্রামের লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে রাজকান্দা গ্রামের ২০-২৫ জন আহত হন।’ আক্কেলপুর থানার ওসি রেজাউস সাদিক বলেন, ওই ঘটনায় এখনো কোনো পক্ষই মামলা করেনি।