সাংস্কৃতিক অনুষ্ঠানে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের মাঠেরহাটে গত বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় আহত মো. আজিবর (৪০) মারা গেছেন। শনিবার রাতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে মাঠেরহাট এলাকার মো. মোকসেদুল (২৭), মো. কাইয়ুম (২৩) ও মো. রাশেদকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।সংঘর্ষের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল রোববার বিক্ষুব্ধ এলাকাবাসী জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে সঞ্চারকলিপি দিয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাঠেরহাটে বৃহস্পতিবার স্থানীয় যুবকদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সন্ধ্যার পর একদল উচ্ছৃঙ্খল যুবক একজন নৃত্যশিল্পীর চোখে-মুখে টর্চ লাইট দিয়ে আলো ফেলতে থাকেন। অনুষ্ঠান দেখতে আসা দর্শকের একাংশ এর প্রতিবাদ জানায়। বিষয়টি নিয়ে বাদানুবাদের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আজিবর (৪০) আহত হন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার রাতে তিনি মারা যান। কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।