সাংস্কৃতিক অনুষ্ঠানের ওপর শর্তারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে শর্তারোপের প্রতিবাদে গতকাল মঙ্গলবার শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন করতে চাইলে কর্তৃপক্ষ বাধা দেয়।জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক সাইদুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে একটা নির্দিষ্ট বলয়ের মধ্যে রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে প্রতিটি সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহি থাকবে। এ বিষয়ে যদি কারও কোনো দ্বিমত থেকে থাকে, তা-ও উপস্থাপন হতে পারে। কিন্তু এসব প্রক্রিয়ায় না গিয়ে হঠাৎ করে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন মোটেই যৌক্তিক হতে পারে না।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে এক সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো অনুষ্ঠান আয়োজনে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, অনুষ্ঠান করার আগে ‘সমন্বিত সেল’-এ অনুমতির জন্য আবেদন করতে হবে। সাংস্কৃতিক সংগঠনের গঠনতন্ত্র জমা দিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি নম্বর সংগ্রহ করতে হবে। সংগঠনের পরিচালনা পরিষদে অবশ্যই শিক্ষক উপদেষ্টা থাকতে হবে। দর্শনী বা টিকিটের মাধ্যমে ক্যাম্পাসে কোনো প্রদর্শনীর আয়োজন করা যাবে না। সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর সভাপতি শিক্ষক ওমর ফারুক এ বিষয়ে প্রথম আলোকে বলেন, গত মার্চ মাসে নেওয়া সিদ্ধান্তগুলোর কপি গতকাল শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। তাঁরা এর প্রতিবাদে মানববন্ধন করতে চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বাধার কারণে তা করা সম্ভব হয়নি।‘রণন’ নামের সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শিক্ষক তুহিন ওয়াদুদ বলেন, এভাবে কালো আইন জারি করে কণ্ঠরোধ করার অপচেষ্টা করা হচ্ছে। ‘রিভারাইন পিপল’ নামে সংগঠনের সংগঠক ইংরেজি বিভাগের শিক্ষার্থী মঞ্জুর আরেফীন বলেন, মানুষের বাকস্বাধীনতা হরণ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।