সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে চলছে অশ্লীল নাচ ও জুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতের অনুমতির সুযোগ নিয়ে একটি মহল দিনাজপুর সদর উপজেলায় অশ্লীল নাচ, হাউজি ও জুয়া চালাচ্ছে। ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ক্লাব’ নামে একটি সংগঠন এই কর্মকাণ্ড চালাচ্ছে।
একই সংগঠন অনুমতি ছাড়াই কাহারোল উপজেলায়ও তিন মাস ধরে এ ধরনের কার্যক্রম চালাচ্ছে। জেলার অন্য উপজেলাগুলোতেও কথিত এমন সাংস্কৃতিক অনুষ্ঠান চালানোর অনুমতি পেয়েছে সংগঠনটি।
দিনাজপুর-৬ (বিরামপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও হাকিমপুর) আসনের সাংসদ শিবলি সাদিক বলেন, তাঁর এলাকার বিরামপুর ও ঘোড়াঘাট উপজেলায় এ ধরনের হাউজি ও জুয়া আয়োজনের চেষ্টা চলছিল। কিন্তু তিনি করতে দেননি।
সম্প্রতি সরেজমিনে দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ হাট এলাকায় বিশাল শামিয়ানা এবং প্যান্ডেল খাটিয়ে এ ধরনের আসর চলতে দেখা গেছে। দিনাজপুর ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক বলেন, মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ক্লাব নাম দিয়ে এ ধরনের জুয়ার আসর ও অশ্লীল নাচ চলছে। প্রকাশ্যেই এগুলো চালানো হচ্ছে।
এলাকাবাসী জানান, সন্ধ্যা সাতটা থেকে ভোর চারটা পর্যন্ত এই আসর চলে। এলাকার কিশোর, তরুণ, যুবকসহ সব বয়সের মানুষ এসব আসরে ভিড় করে। এমনকি দূর থেকে মোটরসাইকেল, মাইক্রোবাস বা প্রাইভেট কারে করেও মানুষ জুয়া খেলতে আসছে এখানে।
দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কসংলগ্ন কাহারোল উপজেলার রামপুর বটতলী বাজার। এখানে বিশাল এক তোরণে শোভা পাচ্ছে ‘মহামান্য হাইকোর্ট অনুমোদিত—বাংলাদেশ মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ক্লাবের সৌজন্যে বিভিন্ন রকম ইনডোর গেম এবং কালচারাল প্রোগ্রাম চলিতেছে’ মর্মে প্রচারণা। এখানে দেখা যায়, পিকআপ ভ্যানের ওপর বাম্পারের পুরস্কার হিসেবে নতুন মোটরসাইকেল তুলে লোক টানতে মাইকিং চলছে।
এসব আসর পরিচালনার সঙ্গে জড়িত তোফাজ্জল হোসেন বলেন, ঢাকার মিরপুরের এক ব্যক্তি ‘মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ক্লাব’টি বানিয়েছেন। পরে এই নামে তিনি ‘সাংস্কৃতিক অনুষ্ঠান’ করতে উচ্চ আদালতের অনুমতি নিয়েছেন। ওই ব্যক্তির সঙ্গে চুক্তির ভিত্তিতে তাঁরা উপজেলাগুলোতে আসর বসাচ্ছেন।
গোপালগঞ্জ হাটে জুয়া পরিচালনাকারী মোজাম্মেল হক বলেন, নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে তাঁর মতো বিভিন্ন উপজেলা থেকে একাধিক লোক মিরপুরের ওই ব্যক্তির সঙ্গে চুক্তি করেছেন।
দিনাজপুর-১ (কাহারোল ও বীরগঞ্জ) আসনের সরকারি দলের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল বলেন, কাহারোলের মুকুন্দপুরে দিনাজপুর-বীরগঞ্জ মহাসড়কের ধারে তিন মাস ধরে জুয়া ও অশ্লীল নাচ-গানের আসর চলছে। সেখানে মাদকের ছড়াছড়িও চলছে। এসব বন্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অনুরোধ করেও লাভ হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিন বলেন, আদালতের অনুমতি থাকায় বদনামের ভয়ে পুলিশ প্রশাসন এসব আসর বন্ধে কোনো পদক্ষেপ নিতে পারছে না।
দিনাজপুর সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম বলেন, উচ্চ আদালত কখনো হাউজি ও জুয়ার অনুমতি দিতে পারেন না। আদালত থেকে বিভিন্ন ক্লাবকে এ ধরনের যে অনুমতি দেওয়া হয়, তা ওই ক্লাব সীমানার মধ্যেই সীমিত থাকে। অথচ এখানে এই অনুমতির সুযোগে প্রকাশ্যে জুয়া, হাউজি বা অশ্লীল নাচ-গান চলছে।
দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বলেন, ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ক্লাব নামে মুক্তিযোদ্ধাদের কোনো সংগঠন আছে বলে জানা নেই। মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে এর কোনো সম্পৃক্ততাও নেই।’ মুক্তিযোদ্ধাদের কল্যাণের নামে এ ধরনের অপতৎপরতা বন্ধে তিনি জোর দাবি জানান।
জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী প্রথম আলোকে বলেন, আয়োজকদের পক্ষে উচ্চ আদালতের একটি আদেশ থাকায় কিছু করা সম্ভব হচ্ছে না।