সিলেটের এমসি কলেজের নাট্যসংগঠন ‘থিয়েটার মুরারিচাঁদ’ এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিজয়ের ৪৫ বছর উপলক্ষে শুরু হয়েছে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। প্রথম দিন নৃত্য, আবৃত্তি, গান পরিবেশন, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় ক্যাম্পাসের শহীদ মিনারে উদ্বোধনী দিনের আলোচনা সভা শুরু হয়। সভায় কলেজ অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ প্রধান অতিথির বক্তব্য দেন। কলেজের উপাধ্যক্ষ মুহা. হায়াতুল ইসলাম আকঞ্জির সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে অধ্যাপক শামীমা চৌধুরী, সহযোগী অধ্যাপক রজতকান্তি সোম মানস, সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত প্রমুখ বক্তব্য দেন। আজ সকাল ১০টায় একই স্থানে দ্বিতীয় দিনে অনুষ্ঠান শুরু হয়ে চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত।