সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা, অধ্যক্ষের অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের বাধা দেওয়ার অভিযোগে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ বি এম আলী ইউসুফকে অপসারণের দাবিতে গতকাল শনিবার বেলা ১১টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শহরের স্টেডিয়াম চত্বরে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ কর্মসূচি পালন করে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এতে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন। প্রতিবাদ সমাবেশ থেকে অধ্যক্ষের অপসারণের জন্য সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়। তা না হলে কঠোর কর্মসূচি দিয়ে অধ্যক্ষকে কক্সবাজার ত্যাগে বাধ্য করা হবে বলে হুমকি দেওয়া হয়।সম্মিলিতি সাংস্কৃতিক জোটের সভাপতি তাপস রক্ষিতের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন বাংলা একাডেমীর সাবেক পরিচালক ও কবি মুহম্মদ নূরুল হুদা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসনের অধ্যাপক হোছাইন কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শিরিন আক্তার, শিক্ষাবিদ সোমেশ্বর চক্রবর্তী, কক্সবাজার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, বাংলাদেশ কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি আসলাম সানি, কবিতা বাংলার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি ফরিদ আহমদ, জাসদের নেতা মোহাম্মদ হোসাইন, জাতীয় পার্টির নেতা নাজিম উদ্দিন, কমিউনিস্ট পার্টির অভিজিত পাল, জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদ, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি রিদুয়ান আলী প্রমুখ।সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজিবুল ইসলাম জানান, বিএম আলী ইউসুফ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ কারণে তিনি তিন বছরে কোনো দিন বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও ভাষা দিবসে শহীদদের স্মরণ করতে শহীদ মিনারে যাননি। শিক্ষার্থীদেরও যেতে বাধা দেন। তাই তাঁর অপসারণ দাবিতে এই প্রতিবাদ কর্মসূচি।নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের কয়েকজন শিক্ষার্থী বলেন, অধ্যক্ষের কারণে আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা ও অংশ নিতে পারছি না। জাতীয় দিবসে শহীদ মিনারে যেতে না দেওয়াসহ স্বাধীনতাবিরোধী নানা কর্মকাণ্ডে যুক্ত থাকার জন্য তিনি নানাভাবে চাপ দেন। তা না করলে পরীক্ষায় ফেল করানোর ভয় দেখান। শিক্ষার্থীরা জানান, ২৭ ডিসেম্বর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন ‘ধ্রুবক’ কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক-সন্ধ্যা। এতে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গও অংশ নেন। কিন্তু অধ্যক্ষ তাতেও বাধা দেন। শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে অনুষ্ঠান করলে অধ্যক্ষ ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীদের অফিসে তলব করে গালমন্দ করেন এবং কেন বহিষ্কার করা হবে না মর্মে নোটিশ দেন। বিএম আলী ইউসুফ জানান, লেখাপড়া বাদ দিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে শিক্ষার্থীরা ব্যস্ত হয়ে পড়ছিল। এ কারণে তাদের বাধা দেওয়া হয়েছিল। জামায়াতে ইসলামীর রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, তাঁর পরিবারের সবাই আওয়ামী লীগ করেন। ‘আমি কোন দল করি তা বিবেচ্য বিষয় নয়, আমি ঠিকমতো দায়িত্ব পালন করছি কি না, তা দেখার বিষয়।’