সাংস্কৃতিক কর্মকাণ্ডে মাদকাসক্তি কমে: সাঈদ খোকন
সমাজে সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার থাকলে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকাসক্তি কমে আসবে বলে মনে করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
গতকাল নগর ভবনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় সাঈদ খোকন এসব কথা বলেন। সভায় ঢাকাকে পরিচ্ছন্ন, রঙিন নগরীতে পরিণত করতে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে শাহবাগে ডিএসসিসি ঘোষিত পরিচ্ছন্নতা অভিযানে একাত্মতা প্রকাশ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
সাঈদ খোকন বলেন, সমাজে সুস্থ মনের জন্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। তাই রাজধানীর সব সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের বিদ্যমান বিভিন্ন সমস্যা ক্রমান্বয়ে সমাধান করা হবে। গুলিস্তানের কাজী বশির মিলনায়তন ও লালকুঠি সাংস্কৃতিক কেন্দ্র সংস্কার করে নাটকচর্চার উপযোগী করা হবে।
মতবিনিময় সভায় ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সভাপতি রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, গণসংগীতশিল্পী ফকির আলমগীর, ইনামুল হক, আক্তারুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।