সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই: সাঈদ খোকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজে সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার থাকলে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকাসক্ত হওয়া কমে আসবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আজ রোববার সকালে নগর ভবনে দাপ্তরিক কার্যালয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় রাজধানীকে পরিচ্ছন্ন ও বাস উপযোগী রঙিন নগরীতে পরিণত করতে আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে শাহবাগে ডিএসসিসি ঘোষিত পরিচ্ছন্নতা অভিযানে একাত্মতা প্রকাশ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। ওই দিন শাহবাগে সংগঠনটির নেতা-কর্মীরা অংশ নেবে বলে জানানো হয়।

সাঈদ খোকন বলেন, সমাজে সুস্থ মনের জন্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। তাই রাজধানীর সব সংস্কৃতি চর্চা কেন্দ্রের বিদ্যমান বিভিন্ন সমস্যা ক্রমান্বয়ে সমাধান করা হবে। গুলিস্তানের কাজী বশির মিলনায়তন ও লালকুঠি সাংস্কৃতিক কেন্দ্র সংস্কার করে নাটক চর্চার উপযোগী করা হবে। নগরীকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারি শাহবাগে অনুষ্ঠেয় কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সাধারণ সম্পাদক হাসান আরিফ, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সভাপতি রামেন্দু মজুমদার, গণসংগীত শিল্পী ফকির আলমগীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আক্তারুজ্জামান ও ইনামুল হক প্রমুখ বক্তব্য দেন।