সাংস্কৃতিক কর্মীদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অসাম্প্রদায়িক বাংলাদেশবিরোধী কিছুই মানি না’ স্লোগান নিয়ে বরিশালে অনুষ্ঠিত হয়ে গেল প্রতিবাদী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মৌলবাদী চিন্তাধারা বন্ধের আহ্বান এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রাখতে সরকারের কাছে দাবি জানানো হয় কর্মসূচি থেকে।
গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে বরিশালের ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ ওই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে গানে গানে প্রতিবাদ জানায় উদীচী এবং তানসেন সংগীত বিদ্যালয়। ‘আজ দিকে দিকে ফিসফাস ষড়যন্ত্রের কথা শুনতে পাই’, ‘ প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য’, ‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’, ‘রাম রহিম না যুদা করো ভাই, মনটা খাঁটি রাখোজি’, ‘ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙে’—এমন উদ্দীপনামূলক গান গেয়ে প্রতিবাদ জানানো হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তিকে উসকে দেওয়ার চেষ্টা চলছে। সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী উচ্চ আদালতের সামনে থাকা ভাস্কর্য সরিয়ে ফেলার প্রস্তাব করেছে। এটা আমাদের সংস্কৃতির ওপর একধরনের হুমকি। আজ ভাস্কর্য সরাতে বলেছে, কাল তারা শহীদ মিনার ভেঙে দিতে বলবে। কোনোভাবেই এই প্রস্তাবে সাড়া দেওয়া সঠিক হবে না। ভাস্কর্য সরানোর প্রস্তাব মৌলবাদী চিন্তাধারার প্রকাশ। এর মাধ্যমে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। এদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা।
বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উদীচী বরিশালের সভাপতি বিশ্বনাথ দাস মুনশি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, জাসদের সাধারণ সম্পাদক আবদুর হাই মাহবুব, সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি মোজাম্মেল হক, ছাত্র মৈত্রী বরিশাল ব্রজমোহন কলেজ শাখার সভাপতি ইমরান নুর নীরব প্রমুখ।