সাংস্কৃতিক কেন্দ্রে বাড়তি নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রোববার বিকেল সাড়ে চারটা। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমির মৎস্য ভবনের পাশের প্রবেশপথে কড়া পাহারা। নিরাপত্তাকর্মীদের কাছে পরিচয় দিয়ে একাডেমির মহাপরিচালকের সঙ্গে দেখা করতে চাইলে ভেতরে যোগাযোগ করলেন একজন কর্মী। টেলিফোনে নিশ্চিত হয়ে লোহার দরজা খুলে দিয়ে তল্লাশি করলেন আরেকজন। ভেতরে ঢুকে প্রশাসনিক ভবনের নিচে আরও কঠোর নিরাপত্তাবেষ্টনীর মুখোমুখি হতে হলো। জিজ্ঞাসা, টেলিফোন। আবারও তল্লাশি।
শিল্পকলা একাডেমিসহ সাংস্কৃতিক অঙ্গনে এমন বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে যেকোনো অস্বাভাবিক ঘটনা এড়াতে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক হতে নির্দেশ দিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। গত কয়েক দিন কড়া নিরাপত্তার মধ্যেই নাটক প্রদর্শনীসহ সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়েছে। গুলশানে রেস্তোরাঁয় ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে।
রোববার দুপুরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সব দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বিশেষ সভা হয়। ওই সভা শেষে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রথম আলোকে বলেন, ‘এ মুহূর্তে আমাদের মন্ত্রণালয়ের সর্বাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে নিরাপত্তা। কেননা, ধর্মের নামে যারা মানুষ হত্যা করছে, তাদের বিরুদ্ধে সংস্কৃতিই হতে পারে প্রতিবাদ, প্রতিরোধের হাতিয়ার। এ কারণে শিল্পী, সাধারণ দর্শকসহ সবার নিরাপত্তা নিশ্চিত করে সংস্কৃতিচর্চা আরও বাড়াতে হবে।’
রাজধানীর সাংস্কৃতিক অঙ্গনের মূলকেন্দ্র শিল্পকলা একাডেমি। এ চত্বরে রয়েছে জাতীয় নাট্যশালা, জাতীয় চিত্রশালা এবং জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন। একাডেমিতে ঢোকার জন্য চারপাশে চারটি প্রবেশপথ আছে। এর মধ্যে চিত্রশালার প্রবেশপথটি আগে থেকেই বন্ধ ছিল। বর্তমানে অপর তিনটির মধ্যে বিকেল পাঁচটা পর্যন্ত শুধু মৎস্য ভবনের পাশের সংগীত ও নৃত্যকলা মিলনায়তনের প্রবেশপথ দিয়ে একাডেমি চত্বরে প্রবেশ করা যাচ্ছে। মিলনায়তন বরাদ্দের কাজসহ প্রশাসনিক অন্য কোনো কাজে ভেতরে ঢুকতে চাইলে সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ ও তল্লাশি শেষ করে ঢুকতে দেওয়া হচ্ছে। বিকেল পাঁচটার পর দুদকের পাশে জাতীয় নাট্যশালার সামনের প্রবেশপথটি খোলা হচ্ছে। তবে এখানেও বিস্তারিত উদ্দেশ্য জানিয়ে নাটক কিংবা অনুষ্ঠানের দর্শক, পরিচয়পত্র দেখিয়ে সংবাদকর্মীরা প্রবেশ করতে পারছেন। যাঁরা প্রবেশের কারণ দেখাতে পারছেন না, তাঁদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া একাডেমির ভেতরে থাকা খাবারের দোকান কফি হাউস খোলা থাকলেও সেখানে ক্রেতা দেখা যায়নি। জাতীয় নাট্যশালার দক্ষিণ দিকের অস্থায়ী খাবারের প্রতিষ্ঠান ‘হেঁশেল’ বন্ধ।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ১৭টি দপ্তর ও সংস্থা রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, গণগ্রন্থাগার অধিদপ্তর, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, কপিরাইট অফিস, নজরুল ইনস্টিটিউট, জাতীয় গ্রন্থকেন্দ্র, লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ইত্যাদি। এর মধ্যে বাংলা একাডেমি, লালবাগের কেল্লা, জাতীয় জাদুঘর, আহসান মঞ্জিলেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। লালবাগের কেল্লার মূল প্রবেশপথে দর্শনার্থীরা আর্চওয়ে পার হওয়ার পর তাদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হচ্ছে।