সাংস্কৃতিক জাগরণ না হলে মৌলবাদ যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘পাকিস্তান আমলেও শিক্ষাব্যবস্থা এত সাম্প্রদায়িক ছিল না। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ হবে। কিন্তু আমরা যেভাবে এগোচ্ছি, সেটা সাম্প্রদায়িকতাকে আরও উসকে দেবে।’

শিশু-কিশোরদের সংগঠন খেলাঘর আয়োজিত জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে তিন দিনব্যাপী এই উৎসব শুরু হয়। মন্ত্রী বললেন, সাংস্কৃতিক জাগরণ না হলে মৌলবাদ সমূলে উৎপাটন করা যাবে না। খেলাঘর আয়োজিত এই উৎসব উদ্বোধন করলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। বললেন, ‘এখন কোনো ধর্মনিরপেক্ষ অনুষ্ঠান—যাত্রা, পালাগান, জারিগান—গ্রামবাংলায় করতে দেওয়া হয় না। আমরা একটা বিপদের মধ্যে আছি। শিশুরাই পারে আমাদের এ থেকে উদ্ধার করতে। তাদের জন্য দুটো জিনিস দরকার—সঠিক শিক্ষা ও সংস্কৃতি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাংবাদিক শ্যামল দত্ত ও উৎসব উদ্‌যাপন কমিটির কো-চেয়ারম্যান প্রণয় সাহা। সভাপতিত্ব করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি পান্না কায়সার।

উদ্বোধনী আনুষ্ঠানিকতার আগে ছিল জাতীয় সংগীত। এরপর পরিবেশিত হয় উৎসব সংগীত ও খেলাঘর সংগীত। সাহিত্যিক সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতাটি আবৃত্তি করেন খেলাঘরের শিশুশিল্পীরা। রবীন্দ্রনাথের ‘আগুনের পরশমণি’ সংগীতের সঙ্গে ছিল নৃত্য। এ সময় জ্বালানো হয় মঙ্গলপ্রদীপ।

উৎসবের প্রথম দিনে খেলাঘরের নোয়াখালী, ফেনী ও পটুয়াখালী অঞ্চলের শিল্পীদের প্রযোজনায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতায় ১৮টি বিভাগে সারা দেশ থেকে অংশ নিয়েছে প্রায় ২ হাজার ৫০০ শিশুশিল্পী।

পর্যটকদের আলোকচিত্র প্রদর্শনী

নারী পর্যটকদের সংঘ ‘ট্রাভেলেটস অব বাংলাদেশ’-এর আয়োজনে শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী ‘ট্রাভেল অ্যান্ড ট্রাভেলেটস ফটোগ্রাফি এক্সিবিশন: সেশন-১’। গতকাল বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৬ নম্বর গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

প্রদর্শনী উপলক্ষে ছবি আহ্বান করেছিল নারী পর্যটকদের এ দলটি। এতে তিন বিভাগে জমা পড়ে প্রায় ছয় হাজার আলোকচিত্র। প্রদর্শনী চলবে আজ ও কাল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। এর পৃষ্ঠপোষকতা করছে আইএফআইসি ব্যাংক।