সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানে ঢিল
মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানে গতকাল শুক্রবার ঢিল ছোড়ে দুষ্কৃতকারীরা। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ছোটাছুটি শুরু হলে শহরের নন্দীপাড়া এলাকায় এক পথচারীসহ ১০-১২ জন আহত হন।নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ জানান, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সাংস্কৃতিক জোট ৬ ফেব্রুয়ারি থেকে শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মসূচির সঙ্গে মিল রেখে অনুষ্ঠান করে আসছে। গতকাল শুক্রবার বিকেলে শহরে একটি মিছিল করে বরাবরের মতো চাষাঢ়া শহীদ মিনারে সাংস্কৃতিক কর্মীরা জড়ো হয়ে অনুষ্ঠান শুরু করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগে উদীচী জেলা সংসদের সভাপতি জাহিদুল হক ভূঁইয়া বক্তব্য দিচ্ছিলেন। এ সময় দুষ্কৃতকারীরা দু-তিনটি ঢিল ছোড়ে। একটি ঢিল জাহিদুলের গায়ে লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢিল ছোড়ার পর শহীদ মিনার ও আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ছোটাছুটি শুরু করে। ফলে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়।এ ঘটনার প্রতিবাদে সাংস্কৃতিক কর্মী ও সাধারণ জনতা ঐক্যবদ্ধ হয়ে তাৎক্ষণিকভাবে পতাকা মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকারীরা এ ঘটনাকে প্রতিক্রিয়াশীল চক্রের ষড়যন্ত্র বলে অভিহিত করেন। মিছিলে ছিলেন: রফিউর রাব্বি, হাফিজুল ইসলাম, ভবানী শঙ্কর রায়, প্রদীপ ঘোষ বাবু, শিবনাথ চক্রবর্তী, দুলাল সাহা, তরিকুল সুজন, জব্বার চিশতী, অঞ্জন দাস প্রমুখ। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয় এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু হয়।এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের বলেন, সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানে কে বা কারা ঢিল মারলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।