সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সমাবেশ
কক্সবাজারে বৌদ্ধ সম্প্রদায় ও তাদের মন্দিরে হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সভায় বক্তারা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেন।জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে এই প্রতিবাদ সভায় বক্তব্য দেন রামেন্দু মজুমদার, মামুনুর রশিদ, গোলাম কুদ্দুছ, মফিদুল হক, আনিসুল হক, নিসার হোসেন, মান্নান হীরা, ফকির আলমগীর, হাসান আরিফ, আহকাম উল্লাহ, আফজাল হোসেন প্রমুখ।বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির স্বপ্ন আজ ভূলুণ্ঠিত। কোন রাজনৈতিক শক্তি এই সম্প্রীতি বিনষ্ট করছে, তা খুঁজে বের করতে হবে। কালক্ষেপণ না করে এ ধরনের বর্বরোচিত হামলার উৎস সন্ধান করতে হবে। পাশাপাশি এর সঙ্গে রোহিঙ্গা বা সুবিধাভোগী রাজনৈতিক নেতৃত্ব জড়িত কি না, তা-ও সরকারকে খুঁজে বের করতে হবে।সমাবেশে ঘোষণা করা হয়, ৬ অক্টোবর বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানাতে জোটের একটি প্রতিনিধিদল ওই এলাকাগুলোতে যাবে। তারা সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করবে বলে উল্লেখ করা হয়।এতে যাঁরা অংশ নিতে চান, তাঁদের ৫ অক্টোবরের মধ্যে টিএসসিতে জোটের অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।