রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আরিফ পারভেজকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের টেলিভিশনকক্ষে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে হলের টেলিভিশনকক্ষে আরিফ দেশব্যাপী জামায়াতের ডাকা হরতালের খবর দেখছিলেন। এ সময় ছাত্রলীগের উপপাঠাগার সম্পাদক নাসিম আহম্মেদসহ পাঁচ-ছয়জন শিবির সন্দেহে আরিফের পরিচয় জানতে চান। আরিফ তাঁর পরিচয় দিয়ে ছাত্রলীগের কর্মীদের পরিচয় জানতে চান। উল্টো তাঁদের পরিচয় জানতে চাইলে তাঁরা আরিফকে আশালীন ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে চড়থাপড় ও কিল-ঘুষি মারেন। আরিফ জানান, পরে ছাত্রলীগের কর্মীরা হল গেটে পুলিশের সামনে দ্বিতীয় দফায় আবারও তাঁকে মারধর করেন।হল প্রাধ্যক্ষ এস এ হায়দার বলেন, ‘এটি গভীর রাতের ঘটনা। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হবে।’ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহ্ম্মদ আলী বলেন, চিনতে না পেরে ওদের মধ্যে একটা ভুল-বোঝাবুঝি হয়েছে। পরিচয় পাওয়ার পরে সেটা মীমাংসা করে দেওয়া হয়েছে।