সাংস্কৃতিক জোটের সম্মেলন মিলনমেলায় পরিণত
কুয়াশার চাদরে ঢাকা ভোরের রাজধানী যেন আড়মোড়া দিয়ে জেগেছে তখন। গতকাল শুক্রবার ছুটির দিনে রাজপথ ছিল আধা ফাঁকা। ছিল না নাগরিক ব্যস্ততা। কিন্তু কেন্দ্রীয় গণগ্রন্থাগারের চত্বর তখন জনাকীর্ণ, সংস্কৃতিকর্মীদের পদচারণে উত্সবমুখর। উপলক্ষ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মেলন।শুক্রবার জোটের সম্মেলন পরিণত হয়েছিল সংস্কৃতিকর্মীদের মিলন উত্সবে। ‘ছিন্নভিন্ন করো নিশ্চিহ্ন, ঘাতকের ছাউনি’ এ স্লোগান নিয়ে গতকাল সকালে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। বর্ণিল বেলুন উড়ল আকাশে। উদ্বোধনী বক্তব্যে কবীর চৌধুরী বলেন, দেশের অগ্রসর হওয়ার পথে দুটি লক্ষ্য—একটি মানুষের উন্নতির জন্য ইতিবাচক সব কর্মকাণ্ড চালিয়ে যাওয়া, অন্যটি ধর্মান্ধ মৌলবাদী শক্তিকে প্রতিহত করা। তিনি বলেন, ‘সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন শুধু আদর্শিক দায়িত্ব নয়, আমাদের সামষ্টিক লক্ষ্য।’জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ তাঁর বক্তব্যে সরকারকে ২০১০ সালের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন এবং ’৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান। তিনি বলেন, আগামী বছরগুলোতে সারা দেশে রাষ্ট্র ও সমাজজীবনে যেসব মৌলবাদী ও ধর্মান্ধ চক্র ছড়িয়ে রয়েছে, তাদের অপসারণ করতে সম্মিলিত সাংস্কৃতিক জোট নিরন্তর আন্দোলন চালিয়ে যাবে।সারা দেশ থেকে অংশ নেওয়া সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে সম্মেলনকেন্দ্র। শিল্পীদের মৌলবাদবিরোধী স্লোগান ও বাদ্যযন্ত্রের শব্দে মুখরিত হয়ে ওঠে চারপাশ। উদ্বোধনী পর্ব শেষে শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে শুরু হয় সম্মেলনের অধিবেশন। আলোচনা করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, আইটিআইয়ের সভাপতি রামেন্দু মজুমদার, আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর, পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুছ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী প্রমুখ। বিকেলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা তাঁদের বক্তব্য উপস্থাপন করেন। রাতে ঘোষণা করা হয় নতুন কমিটি। নতুন কমিটিতে নাসির উদ্দীন ইউসুফ পুনরায় সভাপতি মনোনীত হয়েছেন। পরিবর্তন এসেছে সাধারণ সম্পাদক পদে। আবৃত্তিকার হাসান আরিফ নতুন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।উদীচীর সাংস্কৃতিক সম্মেলন আদিবাসী নৃত্য, লালনের গান, যাত্রাসহ রকমারি আয়োজনে শহীদ মিনার চত্বরে উদীচীর সাংস্কৃতিক সম্মেলন জমজমাট হয়ে উঠেছিল গতকাল সন্ধ্যায়। কনকনে ঠান্ডা বাতাস সত্ত্বেও গরম কাপড় গায়ে দিয়ে প্রচুর দর্শক সমবেত হয়েছিল শহীদ মিনার প্রাঙ্গণে। গতকাল ছিল সম্মেলনের দ্বিতীয় দিন। উদীচীর তিন দিনব্যাপী জাতীয় সাংস্কৃতিক সম্মেলনের কার্যক্রম শুরু হয় বিকেল চারটায়।পরিবেশনার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল বান্দরবান উদীচীর আদিবাসী নৃত্য। ঐতিহ্যবাহী বর্ণাঢ্য পোশাকে বান্দরবানের শিল্পীরা একটি দলীয় নৃত্য পরিবেশন করেন। কুষ্টিয়া উদীচীর একজন শিল্পী পরিবেশন করেন লালনের গান ‘তিন পাগলের হইলো মেলা’। রংপুর অঞ্চলের শিল্পীরা একটি নাটিকার মাধ্যমে বিয়ের গীত পরিবেশন করে দর্শকের আনন্দে ভিন্ন মাত্রা যোগ করেন। ময়মনসিংহের নৃত্যনাট্য ও নেত্রকোনার পরিবেশনায় ছিল লোকগান। যশোর উদীচীর পরিবেশনায় যাত্রাপালা নবাব সিরাজউদ্দৌলা ছিল গতকালের বিশেষ আকর্ষণ।‘বজ্রবীণায় জাগো স্বদেশ আমার’—এ স্লোগান নিয়ে বৃহস্পতিবার জাতীয় সাংস্কৃতিক সম্মেলন শুরু হয়। উদীচীর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি প্রবীর সরদার জানান, অনেক বছর পর আয়োজিত জাতীয় সাংস্কৃতিক সম্মেলনে উদীচীর সারা দেশের শাখাগুলোর বেশ ভালো সাড়া পাওয়া গেছে। তিনি বলেন, দেশের সংস্কৃতিচর্চা কোথায় পৌঁছেছে, তার একটি চিত্র ঢাকার দর্শক পাচ্ছে।খেলাঘর সাংস্কৃতিক উত্সবে গুণীজন সংবর্ধনাখেলাঘর জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক উত্সবের দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠানে বিশেষ সম্মাননায় ভূষিত হন শিশুসাহিত্যিক রবীন্দ্রনাথ সরকার, কুটি মনসুর, ফাহমিদা খাতুন, আখতার হুসেন, ডালিয়া নওশীন, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, জিনাত বরকতউল্লাহ, লিয়াকত আলী ও মিলন ভট্টাচার্য। দেশের সাংস্কৃতিক অঙ্গনে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখায় এই বিশিষ্ট ব্যক্তিদের হাতে সম্মাননা পদক তুলে দেন পান্না কায়সার। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় খুলনা, চাঁদপুর, গাজীপুর ও রাজশাহী মহানগর খেলাঘরের বিভিন্ন আসরের ছেলেমেয়েরা।কচি-কাঁচার মেলার পুরস্কার বিতরণীশিল্পাচার্য জয়নুল আবেদিনের ৯৫তম, পল্লিকবি জসীমউদ্দীনের ১০৭তম ও বিজ্ঞানী আবদুল্লাহ আল মুতীর ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার মিলনায়তনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। সভাপতিত্ব করেন কচি-কাঁচার মেলার পরিচালক খোন্দকার ইব্রাহিম খালেদ। অনুষ্ঠানে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার কথাবিতান, সুরবিতান ও নৃত্যবিতানের শিশু-কিশোরেরা অংশ নেয়।শিল্পী নাসিমা খানমের চিত্র প্রদর্শনীধানমন্ডির দৃক গ্যালারিতে শিল্পী নাসিমা খানমের একক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। শুক্রবার বিকেলে ‘প্রাণের অন্বেষণে’ নামের এই প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও শিল্পী শহীদ কবীর।আবুল কালাম আজাদ প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে শিল্পীদের অবদান রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘বাঙালি সংস্কৃতির বিকাশে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’নাসিমা খানমের এটি তৃতীয় একক প্রদর্শনী। এতে ৩৩টি চিত্রকর্ম স্থান পেয়েছে। চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত।