বাংলাদেশ থেকে বেসরকারি সাংস্কৃতিক দলের সদস্য হিসেবে ভিসা করিয়ে বিদেশে নারী পাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে। কমিটি পাচার রোধে সংস্কৃতি মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে।
গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে সংসদীয় কমিটির এই বৈঠক হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য ইসরাফিল আলম সাংবাদিকদের বলেন, সাংস্কৃতিক দল ও ভ্রমণ ভিসার মাধ্যমে মালয়েশিয়া, দুবাইসহ আরও বেশ কয়েকটি দেশে নারীদের পাচার করা হচ্ছে। সাংস্কৃতিক দলে অন্তর্ভুক্ত করার জন্য পাচারকারীরা প্রতিজনের কাছ থেকে চার-পাঁচ লাখ টাকা করে নিয়ে থাকে। বিদেশে নিয়ে নারীদের যৌনকর্মী হিসেবে বিক্রি করে দেওয়া হচ্ছে। পাচার হওয়া নারীরা পরে সেখানকার মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি জানাজানি হয়। তিনি বলেন, বিদেশে পাঠানো সাংস্কৃতিক দলের সদস্যরা প্রকৃতই সাংস্কৃতিক কর্মী কি না, তা যাচাই করার দায়িত্ব সংস্কৃতি মন্ত্রণালয়ের। যারা বিদেশ যাওয়ার জন্য আবেদন করবে, মন্ত্রণালয়ের উচিত তাদের যোগ্যতা যাচাই করা। এই পাচার রোধে স্বরাষ্ট্র, সংস্কৃতি ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে।
কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হূমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য শাহাব উদ্দিন, ইসরাফিল আলম, মাহফুজুর রহমান ও আয়েন উদ্দিন অংশ নেন।