সাংস্কৃতিক পরিবেশনায় মুখর সমুদ্রসৈকত
কক্সবাজার সমুদ্রসৈকতে শুরু হয়েছে পার্বত্য লোকজ মেলা। সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় গতকাল শুক্রবার বিকেলে এ মেলার উদ্বোধন হয়। এরপর পাহাড়ি ১২টি নৃগোষ্ঠীর তরুণ-তরুণীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন বিপুলসংখ্যক পর্যটক।বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আই যৌথভাবে চতুর্থবারের মতো এ মেলার আয়োজন করে। বিকেল চারটায় বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এই মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হেমায়েত উদ্দিন তালুকদার, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, কক্সবাজার জেলার প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী প্রমুখ। স্বাগত বক্তব্যে ফরিদুর রেজা সাগর বলেন, পর্যটনশিল্পের বিকাশ এবং পাহাড়ি জনগোষ্ঠীর বর্ণাঢ্য সংস্কৃতি ও বৈচিত্র্যময় জীবনধারা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের সামনে তুলে ধরতে এই মেলার আয়োজন। চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। কক্সবাজার, পার্বত্য বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটিতে বসবাসরত রাখাইন, খেয়াং, ত্রিপুরা, মারমা, লুসাই, মুরুং, তঞ্চঙ্গ্যা, বম, পাংখোয়া, খাসিয়াসহ ১২টি নৃগোষ্ঠীর তরুণ-তরুণী মেলায় নাচ ও গান পরিবেশন করেন। শুরুতে লুই দিয়ে মাছ ধরার নৃত্য পরিবেশন করেন বান্দরবানের চাকমা তরুণীরা। তারপর মাথায় বোতল নিয়ে নৃত্য পরিবেশন করেন রাঙামাটির ত্রিপুরা তরুণীরা। এরপর ‘ভালোবাসার নৃত্যগীত’ পরিবেশন করেন খাসিয়া তরুণীরা। বছরের শুরুতে ফসল তোলার আনন্দের জুম নৃত্য পরিবেশন করেন খেয়াং তরুণীরা। নববর্ষের উৎসবের সাংগ্রাই নৃত্যগীত পরিবেশন করেন মারমা তরুণীরা। কক্সবাজারের রাখাইন তরুণীরা ছাতা ও প্রদীপনৃত্য, খাগড়াছড়ির মারমা তরুণীরা পাখানৃত্য, বান্দরবানের বম শিল্পীদের শিকারি নৃত্য, মারমা নৃত্যগান, চাকমাদের বিজু নৃত্য, পাংখোয়াদের প্রার্থনানৃত্য দর্শকদের মুগ্ধ করে।