সাংস্কৃতিক প্রতিষ্ঠানে বাড়তি নিরাপত্তাব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ঘটে যাওয়া একাধিক জঙ্গি হামলার কারণে রাজধানীসহ সারা দেশের সরকারি সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের হামলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক হতে মৌখিকভাবে নির্দেশ দিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। সেই সঙ্গে বড় কোনো অনুষ্ঠান বা উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের বিষয়ে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।
এরই মধ্যে নিরাপত্তাঝুঁকির কারণে চলতি মাসে শেষ দিকে কোরিয়ার একটি সাংস্কৃতিক দলের বাংলাদেশ সফর বাতিল হয়েছে। তবে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর নিয়মিত অনুষ্ঠানগুলো হবে বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘এ দেশের মানুষ কখনো উগ্রবাদের পক্ষে ছিল না, এখনো নেই। সে জন্যই কাছাকাছি সময়ে দুটি বড় হামলার পরও মানুষ ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে ঘুরেছে। জাতীয় জাদুঘরে রেকর্ডসংখ্যক দর্শনার্থীর সমাগমও হয়েছে এবার। রাজধানীসহ সারা দেশে সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। আমাদের কাছে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি সবার আগে। তাই অপ্রীতিকর যেকোনো হামলা এড়াতে আমরা সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দিয়েছি। শিল্পকলা একাডেমি, গণগ্রন্থাগার—এসব স্থানে অধিক লোকসমাগম হয়, ফলে সেখানে নিরাপত্তা কঠোর করা হয়েছে।’
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ১৭টি দপ্তর ও সংস্থা রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, গণগ্রন্থাগার অধিদপ্তর, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, কপিরাইট অফিস, নজরুল ইনস্টিটিউট, জাতীয় গ্রন্থকেন্দ্র, লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ইত্যাদি। এগুলোর প্রতিটিতেই নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সংস্কৃতি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বড় কোনো অনুষ্ঠানের আয়োজন করতে সংস্থাগুলোকে মানা করা হয়েছে। সেই সঙ্গে উন্মুক্ত যেকোনো অনুষ্ঠানেও বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে। সেই সঙ্গে নিয়মিত অনুষ্ঠানগুলো চালিয়ে যেতে বলা হয়েছে। তবে সে ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।
এদিকে ২৯ ও ৩০ জুলাই শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দক্ষিণ কোরিয়ার শিল্পীদের অংশগ্রহণে ‘চার্ম অব কোরিয়া-৮’ শিরোনামে দুদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল ঢাকার কোরীয় দূতাবাসের। এতে কোরিয়া থেকে বরেণ্য শিল্পীদের অংশ নেওয়ার কথা ছিল। এর আগেও ঢাকায় এ রকম আয়োজন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে কোরীয় ওই সাংস্কৃতিক দলের বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে।
সরকারি ছুটি শেষে ১০ জুলাই থেকে চালু হয়েছে দেশের শিল্পচর্চার সবচেয়ে বড় প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমি। খোলার পর থেকেই সেখানে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। একাডেমির চারটি প্রবেশপথের মধ্যে একটি আগে থেকেই বন্ধ ছিল। অপর তিনটির মধ্যে বিকেল পাঁচটা পর্যন্ত শুধু মৎস্য ভবনের পাশের সংগীত ও নৃত্যকলা মিলনায়তনের প্রবেশপথ দিয়ে একাডেমি চত্বরে প্রবেশ করা যাচ্ছে। সঠিকভাবে তল্লাশি করে তবেই দর্শনার্থী প্রবেশ করছেন। বিকেল পাঁচটার পর দুদকের সামনে জাতীয় নাট্যশালার সামনের প্রবেশপথটি খোলা হচ্ছে। শুধু সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যক্তি, নাটকের দর্শক ও সাংবাদিকেরা প্রবেশ করতে পারছেন। যাঁরা প্রবেশের কারণ দর্শাতে পারছেন না, তাঁদের একাডেমির ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী বলেন, ‘শিল্পকলা একাডেমিতে যথাযথ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তাদের সঙ্গে সম্মিলিতভাবে আমরা নিরাপত্তা নিশ্চিত করছি।’