সাংস্কৃতিক বন্ধন অটুট রাখার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংস্কৃতিক বৈচিত্র্যের বন্ধন অটুট রাখার প্রত্যয় আর নতুন বছরের মঙ্গল কামনার মধ্যদিয়ে পার্বত্য চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী সম্প্রদায় মারমা জনগোষ্ঠী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উদ্যাপন করল মৈত্রী পানি উৎসব।গতকাল রোববার রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া উচ্চবিদ্যালয় মাঠে মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) উদ্যোগে বৈসাবি উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়। বিকেল তিনটায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ও মিয়ানমারের রাষ্ট্রদূত উ মিন লেউইন ঐতিহ্যবাহী কায়দায় মং (বড় ঘণ্টা) বাজিয়ে উৎসবের উদ্বোধন করেন। পরে মারমা তরুণ-তরুণীদের দিকে পানি ছিটানোর সঙ্গে সঙ্গে উৎসবে উপস্থিত নানা বয়সের ১৫ হাজারের বেশি নারী-পুরুষের মধ্যে শুরু হয় পরস্পরের দিকে পানি ছিটানোর উৎসব। মাঠজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দের বারতা। এ সময় তিন পার্বত্য জেলা থেকে আসা শিল্পীরা সমবেত কণ্ঠে গাইতে থাকেন ‘সাংগ্রাই উৎসবে/ও ছোট ভাই ও ছোট বোনরা/এসো এসো/পানি খেলা খেলতে যাই।’ এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, বর্তমান সরকার সব সম্প্রদায়ের সংস্কৃতির বিকাশ ও উন্নয়নে বদ্ধপরিকর। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে ক্ষুদ্র জাতিসত্তাগুলোকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সাংস্কৃতিক বৈচিত্র্যের বন্ধন দৃঢ় করা হয়েছে এবং স্ব স্ব সংস্কৃতিচর্চার পথ সুগম হয়েছে। মিয়ানমারের রাষ্ট্রদূত উ মিন লেউইন বলেন, পার্বত্য চট্টগ্রামের জাতিসত্তাগুলোর সংস্কৃতির উন্নয়নে তাঁর সরকার সহযোগিতা দিয়ে যাবে। বাংলাদেশ মিয়ানমারের ভালো প্রতিবেশী বলে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে এসে আমার মনে হচ্ছে, নিজ দেশে আছি। পার্বত্য চট্টগ্রামের জনগণ ও মিয়ানমারের জনগণের সংস্কৃতির মধ্যে সামঞ্জস্য রয়েছে, পোশাক পরিচ্ছদও একই।’ মাসসের প্রধান উপদেষ্টা ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা সভাপতির বক্তব্যে জানান, মারমা সম্প্রদায়ের লোকজন পরস্পরের প্রতি পানি ছিটানোর মাধ্যমে পুরোনো বছরের ব্যর্থতা, গ্লানি, জরা. দুঃখ দূর এবং নতুন বছরের সুখ, সাফল্য, সমৃদ্ধি কামনা করে। সে কারণে পানি উৎসব মারমা সংস্কৃতিতে সবচেয়ে বড় ও আনন্দপূর্ণ মুহূর্ত। এর আগে সকাল থেকে নিজস্ব বর্ণিল পোশাক পরে বাদ্য বাজিয়ে মারমা সম্প্রদায়ের নানা বয়সী নারী-পুরুষ অনুষ্ঠানস্থলে আসেন। এদিকে গত শনিবার নতুন বছরের শুভ কামনায় ধর্মীয় প্রতিষ্ঠান, বাড়ির আঙিনা ও নদীর ঘাটে সারি সারি মোমবাতি জ্বালানোর মধ্য দিয়ে আদিবাসীদের বৈসাবি উৎসব শেষ হয়েছে।