সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধন
পঞ্চগড়ে বিশ্ব নাট্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নাট্য সংগঠন ‘ভূমিজ’ জেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল সোমবার সকালে শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে শহীদ মিনারের সামনে শের-ই-বাংলা পার্ক মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে পঞ্চগড়ে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
মানববন্ধনে সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শফিকুল ইসলাম, জেলা নাট্য সমিতির সভাপতি মিজানুর রহমান, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক প্রহ্লাদ চন্দ্র বর্মণ, স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা পরস্পরের নির্বাহী পরিচালক আকতারুন্নাহার, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদের) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক। স্বাগত বক্তব্য দেন ভূমিজের নির্বাহী পরিচালক সরকার হায়দার।
পরে অভিনয়, গল্প বলা এবং নাটক লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা এবং নাট্য সম্মাননা প্রদান অনুষ্ঠান। জেলার প্রবীণ পালাটিয়া শিল্পী পুহাতু বর্মণকে এই নাট্য সম্মাননা দেন উপস্থিত অতিথিরা। সন্ধ্যায় জেলার চারটি নাট্যদলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় পথনাট্য উৎসব। নাট্য উৎসবে এস এম সোলায়মানের লেখা এবং আবু বকর ছিদ্দিকের নির্দেশনায় ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’, ময়দানদীঘি নাট্যগোষ্ঠী পুষ্প সরকারের রচনা এবং সোহাগ সরকারের নির্দেশনায় ডিজিটাল বিয়ে, জেলা নাট্য সমিতি শভংকর চক্রবর্তীর লেখা এবং প্রহ্লাদ চন্দ্র বর্মণের মড়া এবং আয়োজক নাট্যদল ভূমিজ পরিবেশন করে মাহফুজা আফজালের রচনা এবং সরকার হায়দারের নির্দেশনায় বীর মাতা নাটক পরিবেশিত হয়।