সাংস্কৃতিক বিষয়ে চ্যাম্পিয়ন খুলনার মণিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় আলোচকেরা । ছবি: সংগৃহীত
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় আলোচকেরা । ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় এ বছর সাংস্কৃতিক বিষয়ে চ্যাম্পিয়ন হয়েছে খুলনার মণিকা দেবনাথ। আজ শনিবার বিকেলে পুরস্কার প্রতিযোগিতার পদক প্রদান ও সমাপনী অনুষ্ঠানে মণিকাসহ অন্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে ৫৩টি বিষয়ে মোট ১৫৯টি পদক ও সনদপত্র প্রদান করা হয়।
শিশু একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এবং সংগীত ব্যক্তিত্ব রেজওয়ানা চৌধুরী বন্যা। এতে সভাপতিত্ব করেন শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন। শিশু একাডেমীর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়েছে, দেশের তৃণমূল পর্যায়ে শিশুদের সৃজনশীলতা, মেধা ও মনন অন্বেষণে ৬ জানুয়ারি থেকে দেশব্যাপী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৫ শুরু হয়। উপজেলায় শুরু হয়ে পর্যায়ক্রমে জেলা ও অঞ্চল (বিভাগীয়) পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে যারা সফল হয়েছে তারা ১৯ থেকে ২২ মে পর্যন্ত জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেয়।