সাংস্কৃতিক মেলবন্ধনে বড় ভূমিকা রাখবে ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্ক সদস্যদেশগুলোর সাংস্কৃতিক মেলবন্ধনে ক্রিকেট বড় ভূমিকা নিতে চলেছে। দিল্লিতে তৃতীয় সার্ক সংস্কৃতিমন্ত্রীদের দুই দিনের সম্মেলন শেষে এই বিষয়ে সব দেশই একমত হয়েছে। পারস্পরিক বোঝাপড়ায় ক্রিকেটকে সহায়ক করে তুলতে ভারতের-১৯ অনূর্ধ্ব দল বাংলাদেশে যাবে। একইভাবে অন্য দেশগুলোতেও হবে ক্রিকেট প্রতিযোগিতার বিশেষ আয়োজন। সংস্কৃতিমন্ত্রীদের চতুর্থ সম্মেলন হবে ঢাকায়।
সম্মেলন শেষে যে প্রস্তাব গৃহীত হয়েছে, তাতে বলা হয়েছে, আট সদস্যদেশই তাদের নিজস্ব ঐতিহ্য ও পরম্পরা রক্ষায় সচেষ্ট হবে এবং এই ক্ষেত্রগুলোতে সহযোগিতার হাত আরও বাড়াবে। গত এক বছরে এই লক্ষ্যে কী কী কাজ হয়েছে, তার খতিয়ান করা হয়। ঠিক হয়েছে, ২০১৬-১৭ সালকে সার্ক সাংস্কৃতিক ঐতিহ্য বছর হিসেবে উদ্যাপন করা হবে। আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে পরবর্তী এক বছরের জন্য সার্ক সদস্যদেশগুলোর সাংস্কৃতিক রাজধানী হবে আফগানিস্তানের বামিয়ান। এই বামিয়ানের ঐতিহ্যবাহী ‘বামিয়ান বুদ্ধ’ তালেবানদের আক্রমণে ধ্বংস হয়েছিল। সেই নিরিখে বামিয়ানকে সাংস্কৃতিক রাজধানী করা ঐতিহ্য রক্ষার ইঙ্গিতবাহী। দিল্লি ঘোষণায় বলা হয়েছে, ভুটানে বুদ্ধ মহোৎসবেরও আয়োজন করা হবে।
দুই দিনের এই সম্মেলনে ঠিক হয়েছে, সার্ক দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান বাড়াতে একটি সাংস্কৃতিক ওয়েবসাইট খোলা হবে। তাতে বিভিন্ন দেশের ঐতিহ্য, প্রাচীন সংস্কৃতি, দুর্লভ পাণ্ডুলিপি, দুষ্প্রাপ্য বই ও পুঁথি, ভাষা ও তার বিবর্তন সব রাখা হবে। এই বিস্তীর্ণ অঞ্চলের প্রাচীন যোগাযোগের সড়ক ও জলপথগুলোর মানচিত্রও রাখা হবে। চেষ্টা করা হবে সেই পথগুলো আবার নতুন করে খুঁজে বের করার। এ ছাড়া বিভিন্ন দেশের সাহিত্য কীর্তিগুলো, যা স্থানীয় ভাষায় লেখা হয়েছিল, সেগুলোর অনুবাদ করা হবে। ইংরেজি ছাড়াও চেষ্টা করা হবে সরাসরি অন্য দেশের ভাষায় অনুবাদের।