সাংস্কৃতিক সত্যাগ্রহীদের প্রতীকী পদযাত্রা, সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মহাস্থানগড়ের সৌন্দর্য ও পুরাকীর্তি সুরক্ষার উদ্যোগ নিয়েছে বঙ্গীয় শিল্পকলাচর্চার আন্তর্জাতিক কেন্দ্র। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে মহাস্থান মহাবিদ্যালয় এলাকা থেকে সত্যাগ্রহীদের এক প্রতীকী পদযাত্রা বের হয়। পরে মহাবিদ্যালয়ের দোতলায় সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণবিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। সভাপতিত্ব করেন এবং সাংস্কৃতিক সত্যাগ্রহের কর্মসূচি ও রূপরেখা উপস্থাপন করেন সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণের নাগরিক উদ্যোগের প্রধান আহ্বায়ক জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এনামুল হক। বক্তব্য দেন সাংস্কৃতিক সংরক্ষণের নাগরিক উদ্যোগের সদস্য অধ্যাপক মোজাম্মেল হক, আনোয়ারুল ইসলাম, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া পৌরসভার মেয়র মাহবুবুর রহমান, মীর ইকবাল হোসেন প্রমুখ। সাংস্কৃতিক সত্যাগ্রহ চেতনায় বাংলাদেশে এই প্রথম ‘নিজের সম্পদ নিজে রক্ষা করো’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে মহাস্থানগড় এলাকায় স্থানীয় ১০টি মহাবিদ্যালয় ও বিদ্যালয় থেকে ১৫০ জন ছাত্রকে স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণের প্রহরী তালিকাভুক্ত করা হয়। কাজের সুবিধার জন্য ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটিতে দুটি করে বাইসাইকেল দেওয়া হয়। ছাত্ররা সত্যাগ্রহ চেতনায় নিজ নিজ গ্রাম-পাড়ায় স্বেচ্ছাশ্রমে পুরাকীর্তি প্রহরার কাজ করবে।