সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে তিনটি কেন্দ্র হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ শিগগিরই তিনটি সাংস্কৃতিক কেন্দ্র খুলবে। এই তিনটি কেন্দ্রের একটি হবে কলকাতায়, বাকি দুটি লন্ডন ও নিউইয়র্কে। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর জীবন নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। সেই প্রদর্শনী দুই দেশের মানুষের জন্যই। সার্ক সংস্কৃতিমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফররত বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গতকাল বুধবার এ কথা জানান।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই দেশের মধ্যে গঠিত ‘গোলটেবিল’ বৈঠক সম্প্রতি দিল্লিতে হয়। দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে সেই বৈঠকে একাধিক প্রস্তাব বিবেচিত হয়েছে। এর একটি হলো বাংলাদেশ-ভারত সুফি সংগীত সমারোহ। এ ছাড়া ঠিক হয়েছে, কলকাতায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে একটি বাংলাদেশ গ্যালারি করা হবে।
আসাদুজ্জামান নূর গতকাল দ্বিপক্ষীয় সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে বৈঠক করেন ভারতের সংস্কৃতিমন্ত্রী শ্রীপদ যশো নায়েকের সঙ্গে। বৈঠকের পর তিনি জানান, ভারতের সংস্কৃতিমন্ত্রী প্রস্তাব দিয়েছেন, পারস্পরিক বোঝাপড়া আরও বাড়াতে এবং সম্পর্ক আরও দৃঢ় করতে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বাংলাদেশ সফর করবে। কবে এবং কয়টা খেলা হবে, তা দুই দেশের ক্রিকেট বোর্ড ঠিক করবে।
বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী বলেন, সাংস্কৃতিক যোগাযোগ এত গুরুত্বপূর্ণ বলেই আজকাল ‘সাংস্কৃতিক কূটনীতি’ শব্দটি বহুল প্রচারিত। দক্ষিণ আফ্রিকা ও ভারত একযোগে নেলসন ম্যান্ডেলা ও গান্ধীজির জীবন নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছিল। বঙ্গবন্ধু-গান্ধীজির প্রদর্শনীও হবে সেই ধাঁচে।
সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে একটা বড় মাধ্যম হলো টিভি ও সিনেমা। বাংলাদেশের টেলিভিশন ভারতে দেখা না যাওয়ায় বাংলাদেশিদের মধ্যে একটা স্বাভাবিক অভিমান দানা বেঁধেছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে আসাদুজ্জামান নূর বলেন, দুই দেশের সরকারের দিক থেকে এ বিষয়ে কোনো আপত্তি নেই। বিষয়টি পুরোপুরি বাণিজ্যিক ও অর্থনৈতিক। দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশের চ্যানেলগুলোকে ভারতে সম্প্রচার করতে হলে যে পরিমাণ অর্থ প্রয়োজন, তা বিশাল। ওই অর্থ খরচ করা বাণিজ্যিকভাবে বাংলাদেশি চ্যানেলগুলোর পক্ষে সম্ভব নয়।
সারদা চিট ফান্ড বিতর্ক নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিনি সংবাদমাধ্যমে বিষয়টি পড়েছেন। এ নিয়ে সরকারি পর্যায়ে দুই দেশের কথা হচ্ছে। যে ধরনের অভিযোগ শোনা গেছে, তা ঘটে থাকলে খুবই দুর্ভাগ্যজনক।