সাইকেল উপহার পেল ১২০ ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে নতুন বছরের প্রথম দিনে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ জন ছাত্রীকে সাইকেল উপহার দেওয়া হয়েছে। গতকাল রোববার উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এসব সাইকেল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, সাইকেল চালনায় উৎসাহিত করতে নারীদের সাইকেল উপহার দেওয়ার সিদ্ধান্ত হয়। সে চিন্তা থেকে কেশবপুরের ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ ছাত্রীকে সাইকেল উপহার দেওয়া হয়। এ ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলের ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে যারা দূরবর্তী জায়গা থেকে হেঁটে শিক্ষাপ্রতিষ্ঠানে আসে, তাদের বেছে নেওয়া হয়েছে।
সকালেই সাইকেল নিতে কেশবপুর পাবলিক ময়দানে এসে হাজির হয় ছাত্রীরা।
যশোর জেলা পরিষদের ৮ লাখ ও কেশবপুর পৌরসভার ৬৪ হাজার টাকায় কেনা সাইকেলগুলো বিতরণ করেন স্থানীয় সাংসদ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। এ সময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আহমেদ কবীর, উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন উপস্থিত ছিলেন।
সাইকেল বিতরণের উদ্যোগ গ্রহণকারী কেশবপুরের ইউএনও শরীফ রায়হান কবির বলেন, ‘আমাদের মেয়েরা সাইকেলে চড়ে যাতে স্কুলে যেতে পারে, সে চিন্তায় তিন মাস আগে সাইকেলগুলো কেনা হয়। কিন্তু নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের সঙ্গে সাইকেল দেওয়ার চিন্তা থেকে আজ (গতকাল) আমরা সাইকেলগুলো বিতরণ করলাম।’